সুপ্রিম কোর্ট অঙ্গন দালাল ও দুর্নীতিবাজমুক্ত করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল রোববার দুপুরে সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সমিতির সিদ্ধান্তের কথা জানিয়ে খন্দকার মাহবুব বলেন, নিম্ন আদালতে সদস্যভুক্ত নয়—এমন কোনো ব্যক্তিকে হাইকোর্টে কোনো সিনিয়রের চেম্বারে বা হাইকোর্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধু যাঁরা বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে নিম্ন আদালতের কোনো সমিতিতে সদস্যভুক্ত আছেন, কেবল তাঁরাই হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পিপুলেজ (শিক্ষানবিশ) হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
যাঁরা শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন, তাঁদের চিহ্নিত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে খন্দকার মাহবুব বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পিপুলেজ যাঁরা আছেন, তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের ব্যাজ দেওয়া হবে। এ সময় সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।