সনদ জাল প্রমাণিত হওয়ার পরও চাকরি করে যাচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজের শিক্ষক তানজিলুর রহমান। এক মাস আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর পরও কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, তানজিলুর রহমান পাশের মহেশপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুন নাহারের ছোট ভাই। বোন রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ বিষয়ে অধ্যক্ষ হুমায়ন কবির জানান, দ্রুত তানজিলুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।তানজিলুর রহমান দাবি করেন, তাঁর সনদটি জাল নয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কেন এভাবে লিখে দিয়েছে তা তিনি জানেন না। পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তাঁর বোন মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন নাহার জানান, তানজিলুরের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে তিনি কলেজ কর্তৃপক্ষের ওপর প্রভাব খাটাচ্ছেন না। কলেজ পরিচালনা কমিটি বিষয়টি সমাধানের চেষ্টা করছে।কলেজসূত্রে জানা গেছে, ২০১১ সালের অক্টোবর মাসে কলেজে একজন শরীরচর্চা শিক্ষক নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সময় অনেকের সঙ্গে তানজিলুর রহমানও আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তানজিলুর রহমানকে ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি নিয়োগ দেওয়া হয়। এরপর এমপিওভুক্তির জন্য তাঁর কাগজপত্র ঢাকায় পাঠানো হলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় তাঁর নিবন্ধন সনদটি ঠিক নয়। এরপর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করতে পাঠানো হয়।কলেজসূত্রে আরও জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের উপপরিচালক দীনা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, তানজিলুর রহমানের জমা দেওয়া সনদটি জাল। একই চিঠিতে ওই জাল সনদ দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কলেজের কয়েকজন শিক্ষক জানান, তানজিলুর রহমান ২০১১ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পুনরায় অংশ নিয়েছিলেন। এবার তিনি পাসও করেছেন। কলেজ কর্তৃপক্ষ তাঁর নতুন সনদ গ্রহণ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফারজেল হোসেন জানান, তাঁরা সভা করে তানজিলুরকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হবে, না করলে তাঁরা তাঁকে সাময়িক বরখাস্ত করবেন।