সনদ জালিয়াতি, সংকটে বাংলাদেশি নাবিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা উপায়ে সনদ জালিয়াতি করে বিদেশি জাহাজে চাকরি নেওয়ার ঘটনায় বাংলাদেশি নাবিকদের কাজের সুযোগ কমে আসছে। এক দেশের জাহাজে চাকরি নিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এসব অনিয়মের ঘটনা আন্তর্জাতিক সমুদ্র পরিবহন-বিষয়ক সংস্থা আইএমওর কাছে তুলে ধরেছে বিভিন্ন দেশ।
এসব জালিয়াতির জন্য কোনো কোনো দেশ বাংলাদেশের নাবিকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কালো তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে এসেছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও কোস্টগার্ড, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সম্প্রতি সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে চাকরিতে থাকার সময় বাংলাদেশের সাতজন নাবিক যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পালিয়ে যান। এরপর তাঁরা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ বিষয়টি উল্লেখ করে সিঙ্গাপুর ৯ আগস্ট সরকারকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের নাবিকদের তারা আর সে দেশের পতাকাবাহী জাহাজে নিয়োগ দেবে না। এর পাশাপাশি আপাতত বাংলাদেশের নাবিকদের ভিসা দেওয়া হবে না।
গতকালের আলোচনায় বলা হয়েছে, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব, হংকংসহ বিভিন্ন দেশ বাংলাদেশের নাবিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে।
সৌদি আরবের প্রসঙ্গ টেনে আলোচনায় উল্লেখ করা হয়, গত বছর সৌদি আরবের জাহাজে চাকরি নিয়েছিলেন বাংলাদেশের ১৭ জন নাবিক। হঠাৎ কোনো কিছু না বলে তাঁরা উধাও হয়ে যান। ওই ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের নাবিকদের আর চাকরিতে নেওয়া হবে না বলে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে চাকরি নিয়ে যাওয়ার ছয় মাসের মাথায় অন্য জায়গায় কাজ নিয়ে চলে যান বেশ কয়েকজন। এ ছাড়া গত বছর বেশ কিছু নাবিকের সনদ পরীক্ষা করে তা জাল প্রমাণিত হয়। এতে দেশটি ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের নাবিকদের কাজে না নেওয়ার কথা জানিয়েছে।
বাংলাদেশের নাবিক নিয়োগের ক্ষেত্রে হংকং গত বছর আইএমওকে জানিয়েছে, দেশটি অন্তত ৫২ জন আবেদনকারীর সনদ পরীক্ষা করে দেখেছে সেগুলো জাল। ইরানের রাষ্ট্রদূত সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা গত বছর অন্তত ৫০ জন বাংলাদেশি নাবিকের আবেদনে যুক্ত সনদ জাল হিসেবে শনাক্ত করেছে।
গত ২৮ জুন বাংলাদেশের ১৮ জন নাবিক জাহাজে চাকরি নিতে মাত্র তিন দিনের ভিসা নিয়ে মুম্বাই যান। সেখানে এক দালাল তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যান। ভিসা না থাকায় চার দিনের মাথায় ওই ১৮ তরুণকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরে মুম্বাইতে বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তায় তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। ওই সময় ভারতের পক্ষ থেকে সরকারকে বলা হয়, চাকরি নিশ্চিত না করে এভাবে লোকজনকে বিদেশ পাঠানো সমীচীন হয়নি। কেননা, এ ধরনের ঘটনা ভারতের জন্য নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে।
জানতে চাইলে নৌপরিবহনসচিব শফিক আলম মেহেদী গত রাতে প্রথম আলোকে বলেন, বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, তা দূর করতে কিছু সুপারিশও এসেছে। আইএমওর নিয়ম অনুসরণ করে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।