রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসক দলের শিক্ষানবিশকাল গতকাল শনিবার শেষ হয়েছে৷ ওই দলটি তাদের মেয়াদকালে চারবার ধর্মঘটের ডাক দেয়৷ এতে রোগীরা চরম দুর্ভোগের শিকার হন৷
এদিকে, গতকাল রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করে ওই শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ না দেওয়ার দাবি জানিয়েছেন৷ গতকাল কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক হাসপাতালের পরিচালকের কাছে সনদের জন্য ধরনা দিয়ে ব্যর্থ হন বলে জানা গেছে৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ১১৫ জন শিক্ষার্থীর শিক্ষানবিশকাল গতকাল শেষ হয়৷ ওই ব্যাচের আরও ৬৪ জন (সাপ্লিমেন্টাির) শিক্ষার্থী আগামী নভেম্বর মাসে শিক্ষানবিশ মেয়াদ শেষ করবেন৷ এক বছরের শিক্ষানবিশকালে এই ব্যাচের শিক্ষার্থীরা চারবার ধর্মঘট ডেকে হাসপাতালের রোগীদের চরম দুর্ভোগে ফেলেন৷ এর মধ্যে তিনবারই রোগীর স্বজনদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন৷ গত বছরের ২০ নভেম্বর বেসরকারি হাসপাতালের শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার প্রতিবাদে তাঁরা ধর্মঘটে যান৷
সর্বশেষ গত ১৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এসে চিকিৎসকদের কথায় কথায় ধর্মঘট না ডাকার আহ্বান জানান৷ তার পরের দিন শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীর এক স্বজনকে পিটিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে৷ খবর পেয়ে সাংবাদিকেরা গেলে তাঁরা সাংবাদিকদের ওপরও হামলা চালান৷ ওই হামলায় কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন৷ সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ভাঙচুর করা হয়৷ এরপর সাংবাদিকেরা ওই চিকিৎসকদের বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন৷ গত মঙ্গলবার তাঁরা একজন সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান৷ এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুলও জারি করেছেন৷
গতকাল সকাল ১০টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ডাকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, প্রশিক্ষণ চলাকালেই যাঁরা লাঠি ও রড হাতে নিয়ে হাসপাতালের মধ্যে মানুষকে আঘাত করতে পারেন, তাঁদের কাছে চিকিৎসাসেবা কখনোই নিরাপদ হতে পারে না৷ ওই শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ না দেওয়ার জন্য তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানান৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাইকোর্টের রুলের জবাব দেবে৷ এদিকে গতকাল যে ১১৫ জন শিক্ষানবিশ চিকিৎসকের শিক্ষানবিশকাল শেষ হয়েছে, তাঁদের কয়েকজন ওই দিনই হাসপাতালের পরিচালকের কাছে সনদ নেওয়ার জন্য ধরনা দেন৷
হাসপাতালের উপপরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে সেই অনুযায়ী রুলের জবাব দেওয়া হবে৷