সনদ নেননি বলে ছাত্রকে প্রহার
রাজশাহীতে অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) অবৈধ শাখা থেকে সনদ নেননি বলে গতকাল বুধবার যুবায়ের হোসেন নামের একজন ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।সরকারের নির্দেশ অনুয়ায়ী, যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা অবৈধ। শিক্ষার্থীরা জানান, ইউআইটিএস রাজশাহী ক্যাম্পাসে ২০১০ সালে ভর্তি করানোর সময় বলেছিল, ঢাকা ক্যাম্পাস থেকে সনদ বিতরণ করা হবে। কিন্তু সম্প্রতি সনদ দেওয়া হচ্ছে অনুমোদহীন ‘আর-ইউআইটিএস’ প্রতিষ্ঠানের নামে। এতে সনদ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে দুপুর ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তার কাছে এ বিষয়ে প্রতিবাদ জানান।এ সময় একজন শিক্ষার্থী ওই কর্মকর্তার পক্ষ নিয়ে যুবায়েরের নাকে-মুখে ঘুষি মারতে থাকেন। এতে তাঁর নাক ফেটে যায়। এ খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে চারদিক ঘিরে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্মকর্তারা প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন। আহত যুবায়েরকে একটি ঘরে আটকে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেলে আটকে রাখা ওই শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। বিকেলে ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।যুবায়ের জানান, ইউআইটিএস কর্তৃপক্ষ যে সনদ দিয়েছে, সেটি কোথাও কাজে লাগবে না। অথচ এই প্রতিষ্ঠানে পড়তে তাঁদের কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে। এ ব্যাপারে কথা বলতে প্রতিষ্ঠানটির রাজশাহীর পরিচালক আরমান হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ওই প্রতিষ্ঠানটিকে বৈধ কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। না এলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মিলন নামের একজনকে আটক করা হয়েছে।