সনদ পাচ্ছেন না ১৫৯ শিক্ষার্থী
অধ্যক্ষের ঝুলিয়ে দেওয়া তালা খুলতে না পারায় ঠাকুরগাঁওয়ের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) কর্তৃপক্ষ কোর্স সমাপ্ত হওয়ার পরও সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের সনদপত্র দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) সূত্রে জানা গেছে, কেন্দ্রের অধ্যক্ষ দেলোয়ার হোসেন চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য হাইকোর্টে রিট করেন। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যাওয়ার সময় তিনি কক্ষে তালা ঝুলিয়ে গেছেন। ফলে কোর্স সম্পন্ন হওয়ার পরও কেন্দ্রের সান্ধ্য কোর্সের চতুর্থ ব্যাচের ১৫৯ জন শিক্ষার্থীর সনদের জন্য জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে ভর্তি ফরম ও অন্যান্য কাগজপত্র পাঠানো যাচ্ছে না। এ ছাড়া প্রথম থেকে তৃতীয় ব্যাচের ৬২৫ জন শিক্ষার্থীর মধ্যে কতজনের সনদের জন্য ব্যুরোতে কাগজপত্র পাঠানো হয়েছে, তাও জানা যাচ্ছে না।কোর্সে উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন সনদ না পেয়ে গত ২ অক্টোবর চতুর্থ সন্ধ্যাকালীন ব্যাচের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপাধ্যক্ষ জাভেদ রহিম বলেন, জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে কাগজপত্র বের করতে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। জেলা প্রশাসক এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। বিষয়টি জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে জানিয়েও কোনো কাজ হয়নি। জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সনদপত্র নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।