সনদ পেলেন সেই চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ দেওয়া হয়েছে৷ গত সোমবার রাতে তাঁদের ২০ জনকে সনদ দেওয়া হয়৷ গতকাল মঙ্গলবার বাকি চিকিৎসকদের সনদ দেওয়া হয়েছে৷ তবে এক সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকেরা সনদ পাচ্ছেন না বলে জানা গেছে৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ১১৫ জন শিক্ষার্থীর শিক্ষানবিশকাল গত শনিবার শেষ হয়৷ ওই ব্যাচের আরও ৬৪ জন (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থী আগামী নভেম্বর মাসে শিক্ষানবিশ মেয়াদ শেষ করবেন৷ রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা শনিবার মানববন্ধন করে ওই শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ না দেওয়ার দাবি জানান৷ এরই মধ্যে সাংবাদিকদের ওপরে হামলার কারণে তাঁদের বিরুদ্ধে নগরের মতিহার থানায় দুটি মামলা হয়েছে৷ তবে এসব মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷
এক বছরের শিক্ষানবিশকালে এই ব্যাচের শিক্ষার্থীরা চারবার ধর্মঘট ডেকে রোগীদের দুর্ভোগে ফেলেন৷ তিনবারই রোগীর স্বজনদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন৷ গত বছরের ২০ নভেম্বর বেসরকারি হাসপাতালের শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার প্রতিবাদে তাঁরা ধর্মঘটে যান৷
সর্বশেষ গত ১৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এসে চিকিৎসকদের কথায় কথায় ধর্মঘট না ডাকার আহ্বান জানান৷ তারপরের দিন শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীর এক স্বজনকে পিটিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে৷ খবর পেয়ে সাংবাদিকেরা গেলে তাঁরা সাংবাদিকদের ওপরও হামলা চালান৷ ওই হামলায় কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন৷ সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ভাঙচুর করা হয়৷ এরপর সাংবাদিকেরা ওই চিকিৎসকদের বিচার দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন৷ ৬ মে তাঁরা একজন সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান৷ এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুলও জারি করেন৷
সাংবাদিকদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ আদালতের রুলের জবাবও দেওয়া হয়নি৷ সাংবাদিকদের ওপরে হামলার ঘটনাটি নিয়ে মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটিও এথন পর্যন্ত প্রতিবেদন দাখিল করেনি৷ এদিকে হামলার ঘটনায় জড়িত শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তির দাবিতে রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা আন্দোলন করে আসছেন৷ এর মধ্যেই ওই চিকিৎসকদের সনদ দেওয়া হলো৷
গতকাল সাংবাদিক নির্যাতন কমিটির উদ্যোগে এক বৈঠকে বিতর্কিত শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ দেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়৷ ওই কমিটি আজ বুধবার হাসপাতালের পরিচালক ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে বলে জানিয়েছে৷