সনদ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সনদ বাণিজ্যের অভিযোগে গত সোমবার এক প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার অঙ্কুরনেছা ওবায়দুল হক উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।ওই দিন দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় জনগণ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত রঞ্জন দেবনাথের কাছ থেকে অষ্টম শ্রেণীর দুটি জাল সনদ উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন, শাহাদাত হোসেন, মাঈন উদ্দিন, মো. রাসেলসহ কয়েকজন অভিযোগ করেন, অমৃত রঞ্জন বিদ্যালয়ের ছাত্র নয়—এমন লোকদের কাছ থেকে অষ্টম শ্রেণীর সনদের জন্য পাঁচ হাজার ও দশম শ্রেণীর সনদের জন্য আট হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। নুরুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করে, গত ৯ মার্চ তাকে অষ্টম শ্রেণীর সনদ সরবরাহের কথা বলে নগদ এক হাজার টাকা নেন অমৃত রঞ্জন। করেরহাট ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুর রহমান অভিযোগ করেন, ১০ এপ্রিল রাতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অমৃত রঞ্জনের দেওয়া একটি ভুয়া সনদ তাঁকে দেখায়।অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে অমৃত রঞ্জন বলেন, ‘আমি সার্টিফিকেট সরবরাহ করেছি। কিন্তু এর বিনিময়ে টাকা আদায়ের অভিযোগ সত্য নয়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দেওয়ার নিয়ম আছে।’ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে অষ্টম শ্রেণীর সনদ দেওয়ার অনুমতি বোর্ড দিয়েছে কি না, জানতে চাইলে অমৃত রঞ্জন বলেন, ‘বোর্ডের অনুমতি নেই। মানুষের সুবিধার্থে এভাবে সনদপত্র দেওয়া হয়।’ এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল ওহাবের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) অংসা থোয়াই বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।