সনদ বিতরণের পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৩ বছর আগে। এ সময়ের মধ্যে জন্ম-মৃত্যু-নাগরিক-ব্যবসার সনদ ছাড়া কোনো নাগরিক সেবা পাওয়া যায়নি বলে অভিযোগ পৌরবাসীর। নেই পানি সরবরাহের ব্যবস্থা, পয়োনিষ্কাশনের নালা, আর্বজনা ফেলার ডাস্টবিন, গণশৌচাগার। নাগরিক সেবা না থাকলেও পৌর কর পরিশোধ করতে হচ্ছে নিয়মিত।পৌরসভা সূত্র জানায়, ১৯৯৭ সালের ৭ অক্টোবর আবদুল হাই মিয়া পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৯ ও ২০০৪ সালে তিনি মেয়র নির্বাচিত হন। ‘গ’ শ্রেণীর এ পৌরসভায় ১০ জন স্থায়ী ও সাতজন অস্থায়ী কর্মী আছেন। এক বর্গ কিলোমিটার পৌর এলাকায় ১০ হাজার লোকের বসবাস। পৌর কর দেয় এক হাজার ৬০০ পরিবার। পৌর এলাকার গৈড্যা এলাকার মোতালেব (৪০) ও সামসুদ্দিন (৩৫) জানান, দীর্ঘ ১৩ বছরেও ন্যূনতম নাগরিক সুবিধা তাঁরা পাননি। পুটিয়া এলাকার রেজাউল করিম বলেন, এ পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদে (ইউপি) অনেক বেশি সেবা পাওয়া যায়। সনদ বিতরণের পৌরসভা হিসেবে এটা পরিচিতি পেয়েছে। পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে যায়।পৌরসভার মেয়র আবদুল হাই মিয়া জানান, ছোট পৌরসভা, তাই আয়ের খাত কম। পৌর করও নিয়মিত পাওয়া যায় না। সরকারি বরাদ্দ পাওয়া যায় না। এভাবেই পৌরসভার কার্যক্রম চালাতে হয়।