সনদে চিকিৎসকদের মতামত ইংরেজি বড় হরফে লেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নাতদন্ত প্রতিবেদন ও আহত ব্যক্তিদের দেওয়া সনদে চিকিৎসকের মতামত ইংরেজি বড় হরফে লেখার জন্য নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান। গতকাল বুধবার বিকেলে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় এ নির্দেশ দেন তিনি।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিসহ নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা, সাক্ষীদের উপস্থাপন, গ্রেপ্তারের পর আসামিকে নির্ধারিত সময়ে আদালতে হাজির করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারিক হাকিম।
এ ছাড়া পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার ও ১৬৭ ধারা অনুসারে যথাযথভাবে রিমান্ড আবেদন করার বিষয়ে সভায় আলোচনা হয়। আইনের বিধান অনুযায়ী তদন্ত শেষে ফলাফল মামলার বাদী কিংবা সংবাদদাতাকে নির্ধারিত ফরমে জানানোরও তাগিদ দেওয়া হয় সভায়।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিচারক, সরকারি কৌঁসুলি, আইনজীবী সমিতির সভাপতি, পুলিশ, সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।