সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলে নিয়ে পূর্ণ বাস্তবায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলে নিয়ে সনদটির পূর্ণ অনুমোদন ও তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক সিডও (নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় ও অন্যান্য অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘সরকার এখনো কেন সিডও সনদের দুটি ধারায়, বিশেষ করে ধারা ২ থেকে আপত্তি তুলছে না, তা এক বিস্ময়। দেশের জন্য বিষয়টি খুবই লজ্জাজনক। ২০১২ সালেও আমাকে এ বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে।’আয়শা খানম বলেন, ‘সিডও সনদের বিষয়বস্তুকে নারীর বিষয় বা পৃথক করে দেখা হচ্ছে। এ সনদ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিগত সরকারসহ বর্তমান সরকার পর্যন্ত তা অনুধাবন করছে না।’মহিলা পরিষদের আলোচনায় বিশেষ অতিথি আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, সৌদি আরব, পাকিস্তানের মতো রাষ্ট্র সিডও সনদে পূর্ণ অনুমোদন দিয়েছে। তারা বলেছে, এ সনদ বাস্তবায়নে সংবিধানের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় তা বিবেচনা করা হবে। কিন্তু বাংলাদেশ শরিয়াহ আইনের অজুহাতে সনদের দুটি ধারায় আপত্তি দিয়ে রেখেছে। শাহ আলম জানান, সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়টিতে কমিশন গবেষণা করছে। শিগগির গবেষণাপত্রটি সরকারের কাছে জমা দেওয়া হবে। অনুষ্ঠানে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাগত বক্তব্যে বলেন, সিডও সনদকে অস্বীকার করে কোনো রাষ্ট্রের পক্ষেই উন্নয়ন করা সম্ভব নয়। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা। দিবসটি পালন উপলক্ষে গতকাল দিনব্যাপী বিভিন্ন সংগঠন আয়োজিত অন্যান্য অনুষ্ঠানেও বক্তারা সনদটির দুটি গুরুত্বপূর্ণ ধারা ২ ও ১৬.১ (গ) থেকে আপত্তি তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার মোর্চা সিটিজেনস্ ইনিশিয়েটিভস্ অন সিডও, বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অবিলম্বে সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সিডও সনদ গ্রহণ করে। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়। বাংলাদেশ ১৯৮৪ সালে সনদটিতে স্বাক্ষর করে অনুমোদন করে। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সদনটি কার্যকর হওয়ার কারণে প্রতিবছর ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিডও দিবস হিসেবে পালন করা হয়।সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ: গতকাল সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ এক বিবৃতিতে সিডও সনদ বাস্তবায়নকে দেশ থেকে ইসলাম নির্মূল করার শামিল বলে উল্লেখ করেছে। পরিষদ ২২ সেপ্টেম্বর পল্টনে মহাসমাবেশের আয়োজন করেছে।বিবৃতিতে স্বাক্ষর করেছেন পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ।