সনদের ব্যাখ্যা দিতে চিকিৎসককে তলব করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্যাতিত যুবকের চিকিৎসার সনদ বিষয়ে ব্যাখ্যা দিতে চিকিৎসক নূর আক্তারকে তলব করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসককে ৮ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ নির্দেশ দেন।নারায়ণগঞ্জের বন্দর থানার মুছাপুরে প্রেম করে বিয়ে করার অভিযোগে গত ১৯ জুলাই এক যুবককে সালিসের নামে মারধরসহ নির্যাতন করা হয়। এ বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের সূত্রে আইনি ব্যবস্থার নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই আদালত রুল জারি করেন। এ ছাড়া জেলার পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মুছাপুর ইউপির চেয়ারম্যানকে গতকাল হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশনা অনুসারে পুলিশ সুপার ও ওসি হাইকোর্টে হাজির হন। দুই কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। বন্দর থানার ওসি হারুন অর রশিদ আদালতে বলেন, নির্যাতনের ঘটনা জানার পরদিনই পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। মামলার অন্যতম আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গত ২৪ জুলাই মারা গেছেন। অন্যরা পলাতক। এ সময় ওসি চিকিৎসা-সংক্রান্ত সনদ তুলে ধরেন। এ পর্যায়ে আদালত এই চিকিৎসা সনদের বিষয়ে ব্যাখ্যা দিতে চিকিৎসক নূর আক্তারকে হাজির হতে নির্দেশ দেন। দুই পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ ছাড়া ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে ১৫ দিনের মধ্যে উপপরিদর্শকের (এসআই) মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।