কৃষি-জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সনাতন চাষাবাদ ও খাদ্য উৎপাদন পদ্ধতির ওপর জোর দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষক ও কৃষিবিদেরা। তাঁরা আধুনিক পদ্ধতির সঙ্গে সনাতন পদ্ধতির সমন্বয়ের কথাও বলেছেন।
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব (জেনেটিকস) সোসাইটির উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। এবারের সম্মেলনের বিষয়: ‘বাংলাদেশের কৃষি-জীববৈচিত্র্য: চ্যালেঞ্জ ও সুযোগ’।
বিশেষজ্ঞরা বলেন, কৃষি-জীববৈচিত্র্যের ঐতিহ্য ধরে রাখতে না পারলে বীজ সংরক্ষণ ও উৎপাদনে বাংলাদেশের যে সমৃদ্ধি আছে, তা হারিয়ে যাবে। এর সঙ্গে আধুনিক চাষাবাদ ও উৎপাদন পদ্ধতির সমন্বয় না করা গেলে বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণ সম্ভব হবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, খাদ্যব্যবস্থা ভারসাম্যপূর্ণ করতে প্রধান শস্য ধানের পাশাপাশি অন্যান্য ফসলের উৎপাদনও বাড়াতে হবে। এ জন্য কৃষিক্ষেত্রে গবেষণার পরিমাণ বাড়ানোর কথাও বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. শহিদুর রশিদ ভূঁইয়া।
আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন বলেন, জীববৈচিত্র্য রক্ষায় অন্যান্য দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় দরকার।