সনাতন পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটি দুই বছরের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ-সংক্রান্ত দুটি পৃথক দরপত্র আহ্বান করেছে।
বন্দর সূত্রে জানা গেছে, দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর দুই বছরের জন্য টার্মিনালের চারটি জেটিতে জাহাজের ক্রেনের সাহায্যে (সনাতন পদ্ধতি) কনটেইনার ওঠানো-নামানো হবে। এ পদ্ধতিতে জাহাজ থেকে জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর হার সবচেয়ে কম। বিশ্বের বিভিন্ন বন্দরে এখন জেটিতে স্থাপিত আধুনিক ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়। এ পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানোর হার হয় সর্বোচ্চ।
বন্দর সূত্রে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটির একটি চট্টগ্রাম-পানগাঁও রুটে চলাচলকারী জাহাজের কনটেইনার ওঠানো-নামানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি চারটি জেটি দুই ভাগ করে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গত মঙ্গলবার দরপত্র প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার থেকে দরপত্রের শিডিউল বিক্রি শুরু হবে। আগামী ১ জুন পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও পরিচালক (প্রশাসন) জাফর আলম গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এনসিটির চারটি জেটি পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গণমাধ্যম ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
দরপত্র-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আধুনিক পদ্ধতিতে নিউমুরিং টার্মিনালটি পরিচালনার জন্য ১ হাজার ১২০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারকে এসব যন্ত্রপাতি কিনে দেবে, না ঠিকাদার নিজে যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনা করবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনালের দুটি জেটি সনাতন পদ্ধতিতে পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। বাকি দুটি জেটি এখনো পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের চুক্তি অনুযায়ী, আগামী জুলাই মাস পর্যন্ত এনসিটির দুটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করবে প্রতিষ্ঠানটি। ওই সময়ের পর নতুন দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানের কাজ শুরু করার সুযোগ আছে।