সনাতনী সম্প্রদায়কে সংখ্যালঘু স্বীকৃতি দাবির বিরোধিতায় ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সাংবিধানিকভাবে দেশের সনাতনী (হিন্দু) সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির বিরোধিতা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা এ দাবিকে ‘মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছে।

আজ শনিবার এই বিরোধিতা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাংবিধানিকভাবে দেশের সনাতনী সম্প্রদায়কে সংখ্যালঘু স্বীকৃতি দেওয়ার’ দাবি জানায় সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন ও হিন্দুধর্ম সুরক্ষা পরিষদ নামের তিনটি সংগঠন।

এমন দাবির বিরোধিতা করে দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, জনগণনার দিক থেকে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু হতে পারে, কিন্তু তারা জন্মগতভাবে সংখ্যালঘু নয়, সাংবিধানিকভাবে ‘বাঙালি’।

সংবিধানে সংযোজিত রাষ্ট্রধর্ম তাদেরকে ‘রাষ্ট্রীয় সংখ্যালঘু’তে পরিণত করেছে পাকিস্তানি আমলের মতোই। রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত হওয়ার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাঙালি বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। সাংবিধানিকভাবে সনাতনী সম্প্রদায়কে ‘সংখ্যালঘু’ হিসেবে স্বীকৃতির দাবি বাংলাদেশবিরোধী অপশক্তিকে উৎসাহিত করবে।

আরও পড়ুন

গত সংসদ নির্বাচনের আগে সরকারি দল জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং সমতলের ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য ভূমি কমিশন গঠনের যে অঙ্গীকার করেছিল, তা অনতিবিলম্বে কার্যকর করতে পদক্ষেপ নেওয়ার জন্যও বিবৃতিতে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারত ও অন্যান্য রাষ্ট্রের মতো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিও জানানো হয়।