সনু মা-বাবার কোলে পৌঁছায় খুশি বাংলাদেশি বজরঙ্গি
দিল্লি থেকে পাচার হয়ে বরগুনার বেতাগীতে আনা শিশু সনুর বাবা-মায়ের সন্ধান দিয়ে ‘বাংলাদেশি বজরঙ্গি ভাইজান’ খ্যাতি পেয়েছেন বরগুনার জামাল ইবনে মুসা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সনু তার বাবা-মায়ের কাছে পৌঁছার খবরে পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
জামাল ইবনে মুসা প্রথম আলোকে বলেন, ‘আমার মতো একজন সাধারণ মানুষ একটা ভিনদেশি শিশুকে বাবা-মায়ের হাতে তুলে দিতে ভূমিকা রাখতে পেরেছি, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কী থাকতে পারে। ঈদের আগে ওর পরিবারকে এমন একটা উপহার দিতে পেরে আমি খুশি।’
সনুকে উদ্ধার, দেশে পাঠানোর জন্য সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে জামাল ইবনে মুসা বলেন, ‘গত দেড় বছরে থানা-পুলিশ, আদালত, সমাজ যেখানেই ছেলেটির জন্য সহায়তা ভিক্ষা করেছি, সেখানেই লাঞ্ছনা, অপমান, অপবাদ ছাড়া কিছুই পাইনি। নিজের জীবিকার অবলম্বন ঢাকার একটি বেসরকারি কোম্পানির চাকরিটিও আমাকে হারাতে হয়েছে।’
গত ৩০ মে এই সনুকে নিয়ে প্রথম আলোতে ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ শিরোনামে খবর ছাপা হয়। পাকিস্তানি একটি শিশুকে ভারতীয় এক যুবকের অনেক দুর্ভোগ সহ্য করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার গল্প নিয়ে বলিউডের সাম্প্রতিক চলচ্চিত্র বজরঙ্গি ভাইজান বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের জামাল এমনই এক উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে ‘বাংলাদেশের বজরঙ্গি’ নামে পরিচিতি পান।