ভারতের দিল্লি থেকে পাচার করে বরগুনার বেতাগীতে আনা শিশু সানুর সঙ্গে তার বাবা-মায়ের ডিএনএ মিলেছে। গত রোববার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে ডিএনএ প্রতিবেদন জমা দেন ভারতীয় হাইকমিশনের আইনজীবী সঞ্জীব কুমার দাস। সেই সঙ্গে ভারতে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে নিতে আবেদনও জানানো হয়।
সনুকে ফিরে পাওয়ার আবেদন এবং ডিএনএ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরগুনার আদালত গতকাল সোমবার এক লাখ টাকা জামানত দিয়ে সনুকে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তের জিম্মায় দেওয়ার আদেশ দেন। তবে জামানত দিয়ে সনুকে জিম্মায় নিতে হাইকমিশন সম্মত হয়নি।
বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আক্তারুজ্জামান বাহাদুর ডিএনএ প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, আবেদন ও ডিএনএ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহা. আবু তাহের শিশু সনুকে গতকাল আদালতে হাজির করার নির্দেশ দেন। যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে গতকাল বেলা ১১টার দিকে শিশু সনুকে আদালতে হাজির করা হয়।
গতকাল আবেদনের শুনানির পর বিচারক প্রথমে পাঁচ লাখ টাকা জামানত দিয়ে সনুকে হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তের জিম্মায় দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে বিচারক তাঁর আদেশে শর্ত দেন, যেহেতু আদালতে সনুর অপহরণ-সংক্রান্ত একটি মামলা চলছে সে জন্য যখন প্রয়োজন হবে তখন তাঁকে আদালতে হাজির করতে হবে। এ সময় রমাকান্ত জামানত দিয়ে শিশু সনুকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আইনজীবীর মাধ্যমে আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে বিচারক জামানতের অর্থ এক লাখ টাকা নির্ধারণ করেন।
ভারতীয় হাইকমিশনের আইনজীবী বলেন, ‘আমরা তাৎক্ষণিক দূতাবাসকে এই সিদ্ধান্ত অবগত করেছি। তারা এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে বলে আমাদের জানিয়েছে।’
২০১০ সালে পাঁচ বছর বয়সী সনুকে দিল্লি থেকে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামে নিয়ে আসা হয়। ওই গ্রামের জামাল ইবনে মুসা সম্প্রতি শিশুটিকে উদ্ধার করে দিল্লিতে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এ নিয়ে গত ৩০ মে প্রথম আলোয় ‘বাংলাদেশি বজরঙ্গী ভাইজান’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।