সন্‌জীদা খাতুনের হাতে পদ্মশ্রী পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে ঢাকায় দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনের হাতে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেন। আজ মঙ্গলবার সন্‌জীদা খাতুনের বাসায়
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনের হাতে ভারতের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে ঢাকায় দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ মঙ্গলবার এই পুরস্কার হস্তান্তর করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর সন্‌জীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। তবে অসুস্থতার জন্য গত বছরের নভেম্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। আজ তাঁর হাতে সেই পুরস্কার উঠল
ছবি: সংগৃহীত

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর সন্‌জীদা খাতুনকে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। স্বাস্থ্যগত কারণে তিনি গত বছরের ২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের পদ্মশ্রী পুরস্কার পান সন্‌জীদা খাতুন
ছবি: সংগৃহীত

সন্‌জীদা খাতুন একজন বিশিষ্ট সংগীতজ্ঞ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। গত শতকের ষাটের দশকের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও প্রতিষ্ঠাতাদের একজন সন্‌জীদা খাতুন। তাঁর তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের প্রসারে কাজ করছে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সন্‌জীদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয়েছিল।