সন্তান অসুস্থ থাকায় ফিশপ্লেট খুলতে পারেননি নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবদলের কর্মী সারফিন উদ্দিন ওরফে নয়ন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে নয়নকে জেলহাজতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার জানান, নয়ন বিচারিক হাকিমকে বলেছেন, অবরোধ চলাকালে রেললাইনে নাশকতা করতে ভৈরব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার তাঁকে পাঁচ হাজার টাকা দেন। কিন্তু যেদিন নাশকতা চালানোর কথা, ওই দিন তাঁর (নয়ন) সন্তান অসুস্থ ছিল। এই কারণে তাঁর পক্ষে কাজটি করা সম্ভব হয়নি। টাকা নিয়ে কাজ না করায় নজরুল তাঁর কাছে কৈফিয়ত চান। পরে কান ধরে পাঁচ হাজার টাকা ফেরত নেন। এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না বলে বিচারিক হাকিমকে জানিয়েছেন।
জিয়াউল আহসান বলেন, ‘রেলে নাশকতা এখন আমাদের কাছে খুবই স্পর্শকাতর বিষয়। এই কারণে বিচারিক হাকিমের কাছে দেওয়া নয়নের জবানবন্দি অধিকতর তদন্ত করা হবে। দেখা হবে ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না।’ এদিকে গ্রেপ্তার হওয়ার পর নয়ন গত সোমবার ভৈরব থানা হেফাজতে সাংবাদিকদের বলেছিলেন, রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলার জন্য বিএনপির নেতা নজরুল তাঁকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। তবে নজরুল তাঁর কান ধরে পাঁচ হাজার টাকা ফেরত নিয়েছেন ও সন্তান অসুস্থ থাকায় কাজটি করতে পারেননি এমন কথা সাংবাদিকদের জানাননি তিনি। নয়নের বাড়ি ভৈরব পৌর শহরের আমলাপাড়ায়। গতকাল সেখানে গিয়ে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নয়ন মাদকাসক্ত। যুবদলের রাজনীতি করেন। কিছুদিন আগে তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ পান। ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত। ভৈরব রেলওয়ে স্টেশনে তাঁর প্রভাব রয়েছে। অবরোধে পিকেটিং করার সময় তাঁকে সামনের সারিতে দেখা যেত। সাত-আট দিন আগে তাঁর শিশু ছেলের সর্দি হয়। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করান।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ২১ ডিসেম্বর দুর্বৃত্তরা একই জেলার বাজিতপুরে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করে। ওই ঘটনায় থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক রফিকুল ইসলাম নাশকতার মামলা করেন। নয়নকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গতকাল বিএনপির নেতা নজরুল ইসলাম সরকারের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। সোমবার তিনি নয়নকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেছিলেন।