সন্তান জন্ম দিয়ে শুধুই কাঁদছে মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় সদ্যোজাত শিশু। আপন মনেই ছুড়ছে হাত-পা। কিন্তু তার পাশেই শুয়ে অঝোরে কেঁদেই চলেছে মা। মাত্র ১৪ বছর বয়সেই সমাজের চরম নির্মমতার শিকার হতে হয়েছে এ মাকে। এ বয়সেই সন্তান জন্ম দিতে হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে।

এই মা নড়িয়া উপজেলার বাসিন্দা। পাঁচ বছর ধরে প্রতিবেশী দ্বীন ইসলাম দেওয়ান নামের এক ব্যক্তির বাসার গৃহকর্মী ছিল সে। পরিবারের অভিযোগ, ২০১৪ সালের দিকে গ্রামের মোকতার সরদার নামের একজন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পারেন গৃহকর্তা দ্বীন ইসলাম। তিনি কিশোরীকে এ ঘটনা ফাঁস করে না দেওয়ার ভয়ভীতি দেখান। এ কৌশল নিয়ে তিনিও কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ গত বুধবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে কিশোরী এক পুত্রসন্তানের জন্ম দেয়।

কাঁদতে কাঁদতে ওই কিশোরী প্রথম আলোকে বলে, ‘আমি এখন এ সন্তান লইয়া কীভাবে বাঁচব?’

কিশোরীর পাশে বসে কাঁদছেন তার মা-ও। কিশোরীর মা প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েটা ছোট। জীবন বোঝার আগেই তার জীবন তছনছ হইয়া গেল। সন্তান লইয়া যেখানে আমাদের আনন্দ করার কথা, সেখানে আমরা কাঁদছি। অবহেলা আর লাঞ্ছনা নিয়া এখন আমার মেয়ে ও তার সন্তানরে বেঁচে থাকতে হবে।’

কিশোরীর মা বলেন, ধর্ষণের ঘটনায় তাঁর মেয়ে গত ২৬ জুন মোকতার সরদার ও দ্বীন ইসলামের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মামলা করে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাজিদা খাতুন বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্তানের জন্ম হয়েছে। অল্প বয়সে সন্তান জন্ম দেওয়ায় কিশোরীর বিশেষ যত্ন নিতে হবে। পাশাপাশি শিশুটিকেও বিশেষ তদারকির মধ্যে রাখতে হবে।