সন্তান থাকুক বাবা-মায়ের ছায়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রয়োজনে সন্তানকে দূরে যেতে হয়। সন্তান এগিয়ে যাক, বড় হোক কিন্তু থাকুক বাবা-মায়ের ছায়ায়। বাবা-মায়ের এমন আকুতি প্রকাশ পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্যারেন্টস ডেতে। গত শুক্রবার আশুলিয়া ক্যাম্পাসে অভিভাবকদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের বাবা-মাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেন। একে একে সবাই একত্র হন ক্যাম্পাসের মাঠে। এরপর মাঠের পাশে বসে শিক্ষার্থীরা নিজ হাতে তাঁদের বাবা-মায়ের পা ধুয়ে দেন।

সেখান থেকে মাঠের অপর পাশে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয় মুক্ত আলোচনা। অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীরা এ পর্বে তাঁদের শিক্ষাজীবনের নানা সংকট-সম্ভাবনা আর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। শেরপুর থেকে আগত এক শিক্ষার্থীর মা সন্তানের ফোন না ধরার কথা বলেন। ‘ছেলে ফোন ধরে না। আমি দুশ্চিন্তায় থাকি।’ সঞ্চালক ওই শিক্ষার্থীকে ডেকে তোলেন মঞ্চে। মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন ওই শিক্ষার্থী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। একপর্যায়ে তিনি অভিভাবকদের আহ্বান জানান নিজের সন্তানকে বুকে আগলে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে। কিছুক্ষণের মধ্যেই পুরো সম্মেলন কেন্দ্রের পরিবেশ বদলে যায়। আবেগাপ্লুত হয়ে নিঃশব্দে কেঁদে ওঠেন অনেক শিক্ষার্থী, অনেক বাবা-মা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এস এম মাহবুব উল হক অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানের খোঁজ রাখতে হবে সব অভিভাবককে। আপনার সন্তানের পড়াশোনার দিক আমরা দেখছি। আপনাকেও দেখতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, শিক্ষা আর সুন্দর আচরণের মধ্য দিয়েই সবাইকে মানুষ হয়ে উঠতে হবে। নিজের দিকে, পরিবারের দিকে খেয়াল রাখতে হবে সব শিক্ষার্থীকে।

দুপুরের নামাজ এবং খাবারের বিরতির পর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। ‘আর্ট অব লিভিং’ শীর্ষক কোর্সের অধীনে বিভিন্ন বিভাগ আর বর্ষের শিক্ষার্থীরা তাঁদের অভিভাবক নিয়ে এতে অংশ নেন।