সন্তান নষ্ট করতে না চাওয়ায় স্ত্রীকে জখম, গর্ভপাত
পেটের সন্তান নষ্ট করতে না চাওয়ায় লুনা পারভীন (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছেন তাঁর স্বামী আনোয়ার হোসেন। এতে তাঁর গর্ভপাত ঘটেছে বলে জানা গেছে। বুধবার দুপুরে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী লুনাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক আলীমুজ্জামান সেতু জানান, লুনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা জটিল হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। অপর চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, পরীক্ষা করে দেখা গেছে, নির্যাতনের কারণে লুনার গর্ভপাত ঘটেছে। জানা গেছে, লুনা পারভীন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের সমঞ্চান শ্রেণীর ছাত্রী। তিনি লোহাগড়া উপজেলার শারুলিয়া গ্রামের মৃত এজাহার উদ্দিন মোল্লার মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন লুনা পারভীন বলেন, ‘গত বছরের ১৪ মার্চ নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই সময় আনোয়ার হোসেন জানান, দুটি সন্তান রেখে তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন। বিয়ের সময় তিনি আমার নামে ১৫ লাখ টাকার চেক দেন। কিন্তু বিয়ের পর প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি আনোয়ার হোসেন আগে আরও তিনটি বিয়ে করেছেন। এ ছাড়া ১৫ লাখ টাকার চেকটিও ভুয়া। তবুও সংসার করতে চেষ্টা করি।’ পারভীন বলেন, ‘পেটে বাচ্চা এলেই আনোয়ার হিংস্র হয়ে ওঠেন। বিয়ের এক বছরের মধ্যে তিনি আমাকে ১২-১৪ বার নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে এ নিয়ে তিনবার আমার গর্ভপাত ঘটেছে। এবার ১৩ সপ্তাহের গর্ভবতী ছিলাম। আনোয়ার আমাকে পেটায় আর দম্ভ করে বলে, ‘মাইয়ে মানুষ মারলি কী হয়? এর আগের দুই স্ত্রী নিলুফারকে পাঁচ হাজার টাকা ও লাবণীকে ২৫ হাজার টাকা খরচ করে তাড়াইছি। তোরে মাইরে নয় আমার একটা বাসের (গাড়ি) দাম যাবে।’ নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, আনোয়ার বেকারিসহ চারটি বাসের মালিক। স্ত্রীকে সে প্রায়ই মারধর করত। এ নিয়ে সালিস-দরবারও হয়েছে। সালিসে লুনার নামে তিন শতক জমি ৫ এপ্রিলের মধ্যে লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। আনোয়ার সে সালিস মেনে নেন। সেই জমি যাতে না দেওয়া লাগে তার চাপ হিসেবে মঙ্গলবার রাতে লুনার ওপর নির্যাতন করলে সে অজ্ঞান হয়ে যায়। আনোয়ার হোসেন বলেন, ‘লুনাকে নির্যাতনের অভিযোগ মিথ্যা।’ তিনি দাবি করেন, লুনা মাথাব্যথার কথা বলে তাঁর ভাগনে দুলুকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।