সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজবাড়ীতে সন্তান না হওয়ায় গত রোববার এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে এবং পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।একই দিন ফরিদপুর শহরের হরিসভা বিশ্বাসবাড়ী সড়কের একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলের হরিসভা এলাকার নিমাই সেনের ছেলে কাত্তিক সেনের সঙ্গে সাত বছর আগে ঢাকার নবাবগঞ্জের কইরাইল গ্রামের ননী মণ্ডলের মেয়ে তারা মণ্ডলের (২২) বিয়ে হয়। তারা মণ্ডলের চাচি রংমালা মণ্ডল অভিযোগ করেন, সন্তান না হওয়ায় বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তারাকে নির্যাতন করতেন। গতকাল বিকেলে তারা তাঁর ভাইয়ের মুঠোফোনে ফোন করে তাঁকে রাজবাড়ী থেকে নিয়ে যেতে বলেন। সন্ধ্যায় তাঁদের ফোন করে জানানো হয়, তারা আত্মহত্যা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রতিবেশীরা জানতে পারেন তারা আত্মহত্যা করেছেন। কিন্তু প্রতিবেশীরা কাত্তিক সেনের ঘরে এসে তারার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে থানায় খবর পাঠান প্রতিবেশীরা। একপর্যায়ে নিহত তারার স্বামী, দেবর ও শাশুড়ি পালিয়ে যান। পরে পুলিশ রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে তারার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাত্তিক সেন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ফরিদপুর শহরের পৌর এলাকার হরিসভা বিশ্বাসবাড়ী সড়কের মো. জুয়েল হোসেনের বাড়ি থেকে তাঁর স্ত্রী বৃষ্টির (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রোববার বিকেল পাঁচটার দিকে কোতোয়ালি থানার পুলিশ বাড়ির আড়ার সঙ্গে ঝুলে থাকা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছেন। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।