সন্তান বিদ্যালয়ে পড়ে না তবু তিনি সভাপতি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা রেজাউল করিম। পাশাপাশি তিনি সাদুল্যাপুর বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের সভাপতি। তাঁর ছেলে রংপুরের একটি বিদ্যালয়ে পড়ে। কিন্তু ছেলেকে পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র দেখিয়ে ভোটার তালিকাভুক্ত হন ও অভিভাবক সদস্য পদে নির্বাচন করে সদস্য নির্বাচিত এবং পরে সভাপতি মনোনীত হন।এসব কাজে বাধা দেওয়ায় তিনি প্রধান শিক্ষক এনশাদ আলীকে সাময়িক বরখাস্ত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনশাদ আলীর অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ১০ জন। কিন্তু সভাপতি রেজাউল করিম পূর্ব তারিখ (৭ জুলাই) দেখিয়ে মাত্র চারজন সদস্যের উপস্থিতিতে বিধিবর্হিভূতভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। ২০ জুলাই চিঠি দিয়ে বরখাস্তের কথা জানানো হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাকি পাঁচ সদস্য ২১ জুলাই লিখিতভাবে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। প্রধান শিক্ষক আরও বলেন, রেজাউল করিমের ছেলে যখন আমার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তখন তিনি অভিভাবক সদস্যপদে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পান। কিন্তু কমিটির মেয়াদ শেষ হলে নতুন ভোটার তালিকা চূড়ান্ত করার শেষ দিন ২০ জুন নির্ধারণ করা হয়। তার আগেই সভাপতি আমার ওপর চাপ সৃষ্টি করে খসড়া ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করান। ২৩ জুলাই অভিভাবক সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রেজাউল করিম সদস্য নির্বাচিত হন। তিনি পুনরায় সভাপতিও মনোনীত হন। অথচ সভাপতির ছেলে এই বিদ্যালয়ে পড়েন না। এদিকে ভুয়া ছাত্র দেখিয়ে ভোটার হওয়ায় রেজাউল করিমসহ ১৬ জনকে বিবাদী করে কামাল হোসেন নামে একজন অভিভাবক বাদী হয়ে গাইবান্ধা জ্যেষ্ঠ জজ আদালতে ১ আগস্ট মামলা করেন। বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাহাবুব জামান বলেন, সভাপতি রেজাউল ক্ষমতার দাপটে অভিভাবক সদস্য হয়েছেন। রেজাউল করিম দাবি করেন, তাঁর ছেলে পাইলট উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত। এনশাদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।