সন্তান মাদকাসক্ত হলে হতাশ হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’-এর ৭৩তম পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) জিল্লুর রহমান, মেখলা সরকার, মোহিত কামাল, সুলতানা আলগিন ও জোবায়ের মিয়া l  ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’-এর ৭৩তম পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) জিল্লুর রহমান, মেখলা সরকার, মোহিত কামাল, সুলতানা আলগিন ও জোবায়ের মিয়া l ছবি: প্রথম আলো

মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে এক অভিভাবক বললেন, ‘সন্তান মাদকাসক্ত হলে চিকিৎসা করান, হতাশ হবেন না। প্রিয়জন মাদকাসক্ত হলে ওই পরিবারের কী অবস্থা হয়, ভুক্তভোগী ছাড়া তা কেউ বুঝবেন না। তাঁদের উদ্দেশে বলছি, ভালো থাকার জন্য নিজের তাগিদে পরামর্শ অনুষ্ঠানে নিয়মিত আসি।’

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৭৩তম অনুষ্ঠানে উপস্থিত ওই অভিভাবক এ কথা বলেন।

প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, মেখলা সরকার, ফারজানা রহমান, জিল্লুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। আলোচকেরা বলেন, মাদক গ্রহণ করার জন্য মাদকাসক্ত ব্যক্তিরা অনেক মিথ্যা কথা বলেন, এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। অনেকের ভুল ধারণা রয়েছে, বিয়ে দিয়ে দিলে মাদকাসক্তি সেরে যাবে। কোনো ব্যক্তি ঘুমের ওষুধ ও সিগারেটের মাধ্যমে নেশায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে তারা মা-বাবাকে সবকিছু খুলে বলতে পারে।

প্রতি মাসে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। প্রথম আলো বিজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেয়। পরবর্তী পরামর্শ অনুষ্ঠান আগামী ৭ আগস্ট বিকেল সাড়ে চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।