সন্তান স্কুলে গেছে কি না ঘরে বসেই জানা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ নজরদারির আওতায় আনার জন্য নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ইএমএস কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন।

এই নয়টি প্রতিষ্ঠান নগর ও উপজেলা পর্যায়ে অবস্থিত। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আর ব্যবস্থাটির  বিস্তারিত পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দৌলতুজ্জামান খান।

জেলা প্রশাসন সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম সার্বক্ষণিকভাবে পরিপূর্ণ নজরদারির আওতায় রাখার জন্য অনলাইনভিত্তিক পদ্ধতি হচ্ছে ইএমএস। এই পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা, অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা তালিকা, শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন তৈরির ব্যবস্থা, ফলাফল তৈরি ও প্রকাশের ব্যবস্থা, অনলাইনে বেতন-ফি পরিশোধ এবং স্বয়ংক্রিয় হাজিরার খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা রয়েছে।

প্রথম পর্যায়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, জামিরজুরী রজবিয়া আজিজিয়া রাহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, আবু তোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ, সাউথ এশিয়ান কলেজ ও শাহজালাল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইএমএস পদ্ধতি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ৫ হাজার ১৩৩ জন শিক্ষার্থী, ২১১ জন শিক্ষক ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী ইএমএসের আওতায় এসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা সহজেই নজরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টিও জানা যাবে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এই পদ্ধতি চালুর ফলে অভিভাবকেরা ঘরে বসেই জানতে পারবেন তাঁদের সন্তানেরা স্কুলে গেছে কি না এবং পরীক্ষায় কী রকম ফল করছে? আগামী ছয় মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।