সন্তান হত্যা মামলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সাক্ষ্য
দুই বছরের সন্তানকে হত্যার মামলায় স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন স্বামী নুরুল ইসলাম। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক আমিনুল হক সাক্ষীর জবানবন্দি নেন। আগামীকালও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ৩ জানুয়ারি পরকীয়া সম্পর্কের জের ধরে রোজিনা আক্তার তাঁর দুই বছরের সন্তান ইসরাত জাহান রিয়াকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডে রোজিনার প্রেমিক সুলতান মাহমুদও অংশ নেন। ওই বছরের ৫ জানুয়ারি শিশুটির বাবা ও রোজিনার স্বামী নুরুল ইসলাম শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তপন চন্দ্র সাহা ২০১২ সালের ২৬ নভেম্বর রোজিনা ও সুলতানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।
সুলতান কারাগারে রয়েছেন। ২০১৪ বছরের ২৬ জানুয়ারি রোজিনা এই মামলায় জামিন পান। তিনি জামিনে রয়েছেন।