সন্তান হত্যার অভিযোগে সুমাইয়ার বাবা রিমান্ডে
‘জিনে ধরেছে’ অজুহাতে চাঁদপুরে শিশু সুমাইয়াকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবা এমরান হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চাঁদপুরের বিচারিক হাকিম তাসলিমা শারমিন এ আদেশ দেন।
দুপুরে চাঁদপুরের শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলদার আজাদ আদালতে উপস্থিত হয়ে শিশু সুমাইয়ার বাবা এমরান হোসেনকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদপুর আদালত পুলিশের ওসি মনিরুজ্জামান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত ৪ আগস্ট মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তারাপুর কামারবাড়িতে সুমাইয়াকে মেরে ফেলা হয়। ঘটনার পর শাহরাস্তি থানা-পুলিশ শিশুটির বাবা-মাকে গ্রেপ্তার করে।
পরের দিন বুধবার একই আদালত সন্তানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও আমেনা বেগম দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ বাবাকে জিজ্ঞাসাবাদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর মা চাঁদপুর কারাগারে আছেন।
শাহরাস্তির তারাপুর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান বলেন, জিন আতঙ্কে আছেন ওই এলাকার বাসিন্দারা।
শাহরাস্তি থানার ওসি মো. মিজানুর রহমানের ভাষ্য, নিহত সুমাইয়ার বাবা-মা যে জিন আতঙ্ক ছড়িয়েছেন, তা থেকে তারাপুর গ্রামের বাসিন্দারা এখন মুক্ত। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম তারাপুর গ্রামে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন, যাতে কেউ এ ধরনের আতঙ্কে না পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ‘আমি তারাপুর গ্রামে ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে বুঝলাম, এটা জিনের কাণ্ড না। মানুষের সঙ্গে প্রতারণার নতুন কৌশল বের করতে গিয়ে এমরান হোসেন ও তাঁর স্ত্রী আমেনা বেগম নিজ সন্তানকে মেরে ফেলেছেন। এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে, এ জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ লোকজনকে বলে এসেছি, এমন কিছু হলে যেন তাৎক্ষণিক আমাদের জানানো হয়।’
পুলিশের ভাষ্য, শিশুর মা আমেনা বেগম (৩৫) ও বাবা এমরান হোসেন (৪০) হোসেন সম্প্রতি কবিরাজি শুরু করেছেন। শিশু সুমাইয়াকে ‘জিনে ধরেছে’ এ জন্য ‘চিকিৎসা’ দিতে গিয়ে মারধর করেন তাঁরা। মারধরের একপর্যায়ে রক্তক্ষরণে শিশুটি মারা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় বাবা-মাকে গ্রেপ্তার করা হয়।