সন্তান হত্যার কথা স্বীকার করলেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন প্রদীপকুমার ভদ্র নামের এক ব্যক্তি। রাজবাড়ীর পাংশা উপজেলার কমরপুর গ্রামে শিশু প্রতীককুমার ভদ্র (৩) গত সোমবার খুন হয়। বৃহস্পতিবার প্রদীপকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে প্রতীক নিখোঁজ হয়। রাত আটটার দিকে বাড়ির কাছে একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া বলেন, প্রদীপকুমারের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ সুপার এস এম আইনুল বারী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্বীকার করেন, বাড়ির কাছে একটি পানের বরজে নিয়ে তিনি প্রতীককে গলা টিপে হত্যার পর ওই পুকুরে লাশ ফেলে দেন। হত্যার কারণ হিসেবে প্রদীপ বলেছেন, ওই সন্তান তাঁর নয়। তাঁর স্ত্রীর পরকীয়ার ফসল। তাই তিনি প্রতীককে হত্যা করেছেন।পুলিশ সুপার এস এম আইনুল বারী বলেন, হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় প্রদীপকুমারকে গ্রেপ্তার করা হয়।