সন্তান হত্যার দায়ে বাবা ও সৎমাকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা ও সৎমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল শিমুলতলা এলাকার আবু তাহের (৩২) ও তাঁর দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম (২০)।

মামলার বিবরণ দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, পারিবারিক কলহের জের ধরে আবু তাহের ও তাঁর দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম পরিকল্পিতভাবে প্রথম স্ত্রীর সাত বছরের মেয়ে তাজমিনা খাতুনকে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে গলাটিপে হত্যা করেন।

পরদিন নিহত তাজমিনার মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে আবু তাহের ও লাবনীকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে আবু তাহের দ্বিতীয় স্ত্রীর সহায়তায় মেয়ে তাজমিনাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

অতিরিক্ত পিপি ফারুক জানান, হত্যাকাণ্ডের পর থেকে লাবনী পলাতক। আবু তাহেরকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে তিনিও পালিয়ে যান।
২০০৮ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।