সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা আবদুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামির উপস্থিতিতে গতকাল বুধবার দুপুরে এ রায় দেন। আবদুল হালিম জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নুহু মুন্সীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ অক্টোবর আবদুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান এবং নিজেদের জমি বিক্রির জন্য স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে আলোচনা করেন। স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাঁদের মাঝে বচসা হয়। একপর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে গেলে আবদুল হালিম প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসেরাধে হত্যা করেন তাঁদের দেড় বছরের সন্তান মোহাম্মদ রিফাতকে। ওই দিনই আয়েশা বেগম বাদী হয়ে স্বামী হালিমকে একমাত্র আসামি করে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।