সন্তান হত্যায় মাসহ দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে ছানা উল্লাহ (৬) নামের এক শিশুকে হত্যার দায়ে তার মাসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় তাঁদের। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন ছানা উল্লাহর মা জাহানারা আক্তার ও মো. হানিফ শেখ। রায় ঘোষণার সময় মামলার বাদী ছানা উল্লাহর বাবা চারু মিয়া ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার উত্তর চরপাড়া এলাকার চারু মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে ঘোড়াশাল উত্তর চরপাড়া পোস্ট অফিস সড়কে বাড়িভাড়া করে থাকতেন। চারু মিয়া ট্রাক্টর চালাতেন। এরই মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মো. হানিফ শেখের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বাড়িতে আসা-যাওয়ার সুবাদে চারু মিয়ার স্ত্রীর সঙ্গে হানিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানতে পেরে ২০১০ সালের শেষ দিকে হানিফকে বাড়ি আসতে নিষেধ করেন চারু। এতে হানিফ ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন ও এলাকা ছাড়া করার হুমকি দেন। ২০১১ সালের ৫ অক্টোবর বিকেলে শিশু ছানা উল্লাহ বাড়ির পাশে দুর্গাপূজা দেখতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর ৮ অক্টোবর বিকেলে উত্তরচর পাড়ার এক জঙ্গলে ছানা উল্লাহর গলিত লাশ পাওয়া যায়। ছানা উল্লাহ নিখোঁজের পর তার বাবার করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জাহানারা ও হানিফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তাঁরা।
রায় ঘোষণার পর আদালতের বারান্দায় চারু মিয়া বলেন, মামলার রায়ে আমি খুশি।’