সন্তান হারিয়ে পরিবারে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে সুজন মৃধার দাফনের পর শোকে বাক্‌রুদ্ধ হয়ে পড়েন অটোরিকশাচালক বাবা বাচ্চু মৃধা। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। গতকাল সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রাম থেকে ছবিটি তোলা l প্রথম আলো
ছেলে সুজন মৃধার দাফনের পর শোকে বাক্‌রুদ্ধ হয়ে পড়েন অটোরিকশাচালক বাবা বাচ্চু মৃধা। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। গতকাল সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রাম থেকে ছবিটি তোলা l প্রথম আলো

ক্লাসে কখনো দ্বিতীয় হননি। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছিলেন সুজন মৃধা। এমন মেধাবী সন্তানকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। নির্বাচনী সহিংসতায় মুহূর্তে সেই স্বপ্ন বিলীন হয়ে গেল।
গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউপির দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ফলাফল নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুজন মৃধা (২২) মারা যান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই সুজনের মৃত্যু হয়েছে।
তবে মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, সুজন পুলিশের গুলিতে মারা যাননি। কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত ছাড়া বলা যাবে না। পুলিশ ওই কেন্দ্রে কোনো গুলি ছোড়েনি দাবি করে তিনি বলেন, ‘আমার কাছে পুলিশের ব্যবহারের সব গুলির হিসাব রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার দুই ছেলে এক মেয়ে। অটোরিকশাচালক বাচ্চু মৃধা অক্লান্ত পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে থেকে সন্তানদের পড়ালেখা করাচ্ছেন। বড় ছেলে সুজন মিঠাপুর লক্ষ্মী নারায়ণ উচ্চবিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ঢাকার নটর ডেম কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। দুটি পরীক্ষাতেই তিনি সব বিষয়ে জিপিএ-৫ পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি হন।
মাদারীপুর জেলা শহর থেকে ৫০ মিনিট মোটরসাইকেল চালিয়ে যেতে হয় রাজারহাট। এরপর আড়িয়াল খাঁ পার হয়ে দেড় কিলোমিটার হেঁটে সুজনদের বাড়ি। গতকাল শুক্রবার বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা পাগলপ্রায়। মা শান্তনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন, বাড়ির উঠানে বসে বিলাপ করছেন। বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে সন্ধ্যা ছয়টার দিকে সুজনকে দাফন করা হয়। জানাজা ও দাফনে সুজনের সহপাঠী, এলাকার জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও গ্রামবাসী অংশ নেন।

সুজন মৃধা
সুজন মৃধা


কবরস্থানের পাশের মসজিদের আঙিনায় একটি মাদুরের ওপর অচেতন হয়ে ছিলেন সুজনের বাবা বাচ্চু মৃধা। স্বজনেরা তাঁকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার ছেলেটা কারও চোখের দিকে তাকিয়ে কোনো দিন কথা বলেনি। পুলিশ কেন আমার ছেলেকে গুলি করল। কেন তাকে মেরে ফেলল। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের।’
সুজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটে এসেছেন তাঁর ১৯ জন সহপাঠী। সুজনকে চোখের জলে শেষ বিদায় জানিয়ে ঢাকায় ফেরার পথে তাঁদের মধ্যে ইমরান ফাহাদ ও শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সুজন খুবই মেধাবী ও নিরীহ প্রকৃতির ছিলেন। রাজনীতিতে জড়াতে হবে, এই ভয়ে হলে থাকেননি। মিরপুরে মেস ভাড়া করে থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, সুজন মৃধা ভোট দেওয়ার জন্য বুধবার বিকেলে গ্রামে আসেন। বেলা ১১টার মধ্যে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরে যান। বাড়ি থেকে কেন্দ্রটির দূরত্ব ১০০ গজ। এরপর সুজন ছোট ভাইবোন ও মায়ের সঙ্গে সারা দিন গল্প করেন। বিকেলের দিকে ফলাফল জানার জন্য পুনরায় কেন্দ্রের কাছে যান। কেন্দ্রের পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গ গল্প করছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে কেন্দ্রের ভেতরে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হয়। ঘটনাটি জানার জন্য তাঁরা কয়েকজন কেন্দ্রের দিকে এগোতে থাকেন। এমন সময় পুলিশ গুলি ছোড়ে। সুজন গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার রাত আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আসাদুজ্জামান মৃধা ও কাজল আকন নামে দুই যুবক গুলিবিদ্ধ হন। রাতে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।