‘ফিরিয়ে দাও অরণ্য’ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। খ্যাতিমান অভিনেতা তৌকীর আহমেদের টেলিভিশনে পর্দাপণ ঘটে এ নাটকটির মাধ্যমেই। এটি প্রচারিত হয়েছিল ১৯৮৮ সালে। এখন যাঁরা চলিশোর্ধ্ব এবং যাঁদের সে সময় টেলিভিশন দেখার সুযোগ ছিল, তাঁরা অনেকেই হয়তো নাটকটির কথা স্মরণ করতে পারেন। এক সচ্ছল ও সুখী দম্পতিকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনি। তাঁরা দুজনেই চাকরিজীবী। এ দম্পতির একটিই ছেলে। স্বামী-স্ত্রী আর এক ছেলে মিলে মধ্যবিত্ত এ পরিবারের জীবনটি উচ্ছলতায় ভরা। সময় পেরিয়ে যায়। বাড়ির পুরুষটি ধীরে ধীরে বেশি কর্মব্যস্ত হয়ে পড়েন। আয় বাড়ে। প্রাচুর্যের মোহ তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে। স্বামী-স্ত্রীর সম্পর্কও বাধাগ্রস্ত হয়। দুজন তাঁদের একমাত্র সন্তানের বিষয়ে হয়ে পড়েন উদাসীন। একাকিত্বে ভোগা ছেলেটি (তৌকীর এ ভূমিকায় অভিনয় করেছিলেন) একসময় মাদকে জড়িয়ে পড়ে। জড়ায় অপরাধেও। স্বামী-স্ত্রীর যখন বোধোদয় হয়, তখন সময় অনেক পেরিয়ে গেছে। বাবা-মায়ের অতি ব্যস্ততা, প্রাচুর্যের প্রতি মোহ কেমন করে একটি পরিবারের সুখ কেড়ে নেয়, নাটকটি তা-ই তুলে ধরেছিল।
নাটকটি প্রচারিত হওয়ার পর দুই যুগের বেশি সময় পার হয়েছে। এর কথা এত দিন পর মনে পড়ল কেন? মনে পড়ার কারণ, কন্যা ঐশীর হাতে বাবা-মা হত্যার ঘটনার মামলার রায়।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁদের সন্তান ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। দুই বছর বাদে ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ড ও তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন।
গত সোমবার স্ত্রীসহ মাহফুজুর রহমান হত্যা মামলায় ঐশী রহমানকে মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন উচ্চ আদালত। দুজন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।
যে নাটকের কথা শুরুতে উল্লেখ করেছিলাম, সেখানে মাদকাসক্ত ছেলেটি বাবা-মার হন্তারক হয়নি। কিন্তু ঐশী সেই দুজন মানুষকেই হত্যা করেন, যাঁরা তাঁকে এই পৃথিবীতে এনেছিলেন। নাটকের চেয়েও মর্মন্তুদ এ ঘটনায় কয়েকটি জীবন, একটি পরিবার নিঃশেষ হয়ে গেল।
ঐশীকে যাবজ্জীবন দণ্ড দিয়ে আদালত তাঁদের রায়ে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। ওই রায়ে বলা হয়, তাঁর (ঐশীর) বাবা ও মা জীবন-জীবিকা নিয়ে ব্যস্ত থাকায় সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। যখন তাঁরা এটি উপলব্ধি করেছেন, ঠিক সে সময় তাঁর (ঐশীর) জীবন আসক্তির কারণে উচ্ছন্নে গেছে। সন্তানদের জন্য বাবা-মা তথা অভিভাবকই হলেন প্রাথমিক শিক্ষক। তাই অভিভাবকদের সন্তানদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করা ও সময় দেওয়া প্রয়োজন।
ঐশীর হাতে বাবা-মায়ের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আদালতের এই পর্যবেক্ষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ এহসান হাবীব। তিনি মনে করেন, মাদক ঐশীকে ভয়াবহ মানসিক সমস্যার দিকে নিয়ে গিয়েছিল। তবে এ বিষয়টি একদিনে তৈরি হয়নি বলেই আদালতের সঙ্গে সহমত পোষণ করেন তিনি।
দেশে নগরায়ণ হচ্ছে দ্রুত। নাগরিক জীবনে ব্যস্ততা বাড়ছে। সমাজবাস্তবতায় একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গড়ে উঠছে একক পরিবার। সেখানে বাবা, মা আর একটি বা দুটি সন্তান। পরিবারের প্রয়োজন মেটাতে সেখানে বাবা-মা দুজনই কর্মজীবী। এটায় কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে, বাবা-মায়ের অতি ব্যস্ততা।
পেশাজীবী বাবা-মা তো নতুন কোনো বিষয় নয়। কিন্তু এখন তাঁদের দায়িত্বশীলতার বিষয়টি বেশি করে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন?
এর কারণ হিসেবে অধ্যাপক হাবীব মনে করেন, সামাজিক কাঠামোর বদল, প্রযুক্তির ব্যাপক প্রসার নতুন সুযোগ যেমন সৃষ্টি করেছে, তেমনি সৃষ্টি করেছে নানা উপদ্রব। মাঠে গিয়ে খেলার ব্যবস্থা নেই। অতএব টেলিভিশন বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওপর নির্ভরতা বাড়ছে কিশোর-তরুণদের। এসব অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক করছে। এরই হাত ধরে সমাজে আসছে নতুন নতুন নেশাদ্রব্যও। একাকিত্বের পরিপূরক হিসেবে নেশার হাতছানি বাড়ছে। অতি ব্যস্ত বাবা-মা সন্তানের এসব বিষয় খেয়াল করতে পারছেন না বা দিচ্ছেন না।
সন্তানকে সময় দেওয়ার ধরন কেমন হবে। এর অর্থ কি সার্বক্ষণিক সন্তানের পেছনে লেগে থাকা? মনোরোগ বিশেষজ্ঞ হেলাল উদ্দিন আহমদ বলেন, ‘সেটা আদৌ সম্ভব নয়। আর এটি অপ্রয়োজনীয়, ক্ষতিকরও।’ এর বিপরীতে এই মনোরোগ বিশেষজ্ঞের বক্তব্য, বাবা-মাকে সন্তানকে ‘গুণগত সময়’ দিতে হবে। সন্তানের মতামতের মূল্য দিতে হবে। ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
হেলালউদ্দিন মনে করেন, সন্তানের মতামতের মূল্য না দিলে, তাকে সমাজবাস্তবতার নিরিখে যোগ্য করে গড়ে না তুললে তা সন্তানের বিকাশের অন্তরায় হয়। তার সামাজিক দক্ষতা কমে আসে। সমাজের অন্ধকার দিকগুলোর দিকে তখনই তাদের নজর পড়ে।
সমাজবিশ্লেষকেরা বলছেন, ১৯৯০-এর দশকের পর বাংলাদেশ বাজার অর্থনীতিতে প্রবেশ করেছে। প্রায় তিন দশকে বাংলাদেশের যথেষ্ট অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। একটি ভিন্ন ধারার অর্থনীতি ও সমাজবাস্তবতার মুখে দেশটি। এসব অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাযুক্তিক বিকাশ যুক্ত হয়ে উন্নয়নকে আরও বেগবান করেছে। এই অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সমাজ বড় দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। তিনি বলেন, ‘এসব অগ্রগতি মনোজগতে বড় চাপ সৃষ্টি করেছে আমাদের মধ্যে। একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। একটি পুঁজিবাদী অর্থব্যবস্থায় যাওয়ার জন্য যে কাঠামো দরকার, বা যেসব প্রতিষ্ঠানের দরকার, তা আমাদের নেই।’
সমাজ অর্থনীতির এ বাস্তবতায় পরিবারের সমান্তরাল কিছু প্রতিষ্ঠান দরকার বলে মনে করেন জিয়াউর রহমান। তিনি বলেন, ‘এখন দেশে কাউন্সেলিংয়ের নানা প্রতিষ্ঠান হয়েছে। নতুন বাস্তবতার ফসল এসব। কিন্তু পশ্চিমে পরিবারের সহায়ক হিসেবে নাগরিক প্রতিষ্ঠানের পরিমাণ অনেক বেশি। আমাদের দেশে তা নেই। পরিবারের বিকল্প তো নেই। তবে এসব প্রতিষ্ঠানের বাস্তবতাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই।’
সমাজবিশ্লষকেরা মনে করেন, ব্যস্ততা এবং বৈভবের মধ্যে থাকা নাগরিক বাবা-মায়েরা সন্তানের নানা আবদার মিটিয়ে সময় না দেওয়ার ঘাটতি মেটান। এই প্রবণতা ভয়ংকর। তবে হাজারো ব্যস্ততার মধ্যে সন্তানকে সময় দেওয়ার বিষয়টির উপলব্ধি কিন্তু অনেকের মধ্যেই গড়ে উঠছে।
মো. শহীদুর রহমান ও শামীমা সুলতানা দম্পতির দুই ছেলে। স্বামী-স্ত্রী দুজনেই পদস্থ সরকারি কর্মকর্তা। তাঁদের বড় ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র, ছোটটি কেজি শ্রেণির। শহীদুর রহমান বলেন, ‘আমার অফিস থেকে বের হতে হতে দেরি হয়ে যায়। কিন্তু আমার স্ত্রী নিয়ম করে ছেলে দুটোকে সন্ধ্যায় পড়তে বসান। কখনো আমিও পড়াই।’
এই দুই দম্পতি মনে করেন সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা যদি সন্তানকে ছোটবেলা থেকে বাবা-মা দিতে পারেন, তবে তা সন্তানের স্বাভাবিক বিকাশে সহায়তা করতে পারে। শহীদুর রহমান জানান, জাতীয় দিবসগুলোতে শহীদ মিনার, স্মৃতিসৌধে তিনি পরিবারসমেত যান। বললেন, ‘পয়লা বৈশাখের শোভাযাত্রায় ভিড়ের কারণে বাচ্চাদের নিয়ে যাওয়া সমস্যা। আমি আগে থেকেই এই শোভাযাত্রার প্রস্তুতি ছেলেদের দেখিয়ে আনি। পড়ে ওরা টিভিতে শোভাযাত্রা দেখে আনন্দ পায়।’
বাবা-মায়ের এমন উষ্ণ সান্নিধ্য সব সন্তানেরই চাওয়া। তাদের জীবনকে অরণ্যের সজীবতায় সাবলীল করে গড়ে তুলতে এর বিকল্প নেই।