সন্তানকে না পেয়ে মায়ের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি থেকে নেমেই দে ছুট। কোথায় গেল কোথায় গেল! মা তো উতলা। হারিয়ে গেল নাকি জাদুমণি? এরপর মা হয়ে গেল উন্মাদিনী। শুরু করে দিল তাণ্ডব। শেষতক সন্তানকে ফিরিয়ে দেওয়া গেছে সেই অস্থির মায়ের কাছে।
গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁন্দগ্রাম বাজার এলাকায় এক মা-হাতি ও তার বাচ্চাকে নিয়ে এ ঘটনা ঘটে। হাতি দুটির মালিক সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাউরভাগ গ্রামের মোস্তফা উদ্দিন।
বন বিভাগ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মা-হাতিটিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভাড়ায় গাছ টানার কাজে ব্যবহার করা হয়। ১২ দিন আগে সে একটি শাবকের জন্ম দেয়। গতকাল বিকেল পাঁচটার দিকে তাদের বারইগ্রাম বাজারে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামানোর একপর্যায়ে বাচ্চা হাতিটি সেতু পার হয়ে পাশের চাঁন্দগ্রাম বাজারে চলে যায়। বাচ্চাটি চোখের আড়াল হতেই খেপে যা তার মা। হস্তিনী হন্যে হয়ে তার শাবককে এদিক-ওদিক খুঁজতে থাকে। তার বেপরোয়া ভাব দেখে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে মা-হাতি মাহুত আতর আলীকে শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া সে চাঁন্দগ্রাম বাজারে একটি রেস্তোরাঁ, দুটি মুদির দোকান, একটি মোটরসাইকেল, সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বাজারের মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে মা-হাতিটি পাশের একটি জঙ্গলে ঢুকে পড়ে।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে বড়লেখা থানার একদল পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাচ্চা হাতিটিকে মায়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। মাহুত আতর আলী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় বলেন, বাচ্চাকে না পেয়ে মা-হাতিটি এ তাণ্ডব চালায়।