সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪০ দিনের শিশুসন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শিশুটিও মারা গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার আদমজী নগরের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনিয়ার স্বামী মো. জসিম উদ্দিন পোশাক তৈরির একটি কারখানায় চাকরি করেন। তাঁদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সুমিলপাড়া বিহারি কলোনির ৩ নম্বর পুকুরে ঝাঁপ দেন। পরে এলাকাবাসী সোনিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সরাফত উল্লাহ বলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সোনিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।