সন্তানকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্বামীর পরিবারের কাছ থেকে সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছেন ফয়জুন্নেসা মিথিলা নামের এক নারী। গত বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে তিনি এ আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালে ফয়জুন্নেসাকে বিয়ে করেন হুসাইন মজুমদার। বিয়েতে দুজনের পরিবারেরই সম্মতি ছিল না। পরে দুই পরিবার বিয়ে মেনে নেয়। প্রথম দুই বছর তাঁদের সংসার ভালোই চলছিল। তবে ২০১৪ সাল থেকে যৌতুকের জন্য স্ত্রীর ওপর চাপ প্রয়োগ শুরু করেন হুসাইন। এরপর বাবা-মায়ের কাছ থেকে স্বামীকে চার লাখ টাকা এনে দেন ফয়জুন্নেসা। পরে খালা-খালুর কাছ থেকে স্বামীকে আরও টাকা এনে দেন। এর মধ্যেই তাঁদের ঘরে শিশুকন্যা আলভীর জন্ম হয়। এরপর আরও টাকা চেয়ে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা ফয়জুন্নেসাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে গাড়ি কেনার জন্য ১০ লাখ টাকার দাবিতে ফয়জুন্নেসার ওপর নির্যাতন চালানো হয়। ২০১৬ সালের ৭ অক্টোবর বাড়ির সবাই আলভীকে রেখে ফয়জুন্নেসাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর আলভীকে ফেরত পেতে কদমতলী থানায় জিডি করেন ফয়জুন্নেসা। এ বিষয়ে মীমাংসার জন্য থানায় বসা হয়।
আবেদনে বলা হয়, থানায় মীমাংসা না হওয়ায় আদালতে মামলা হয়। এরপর আলভীকে উদ্ধার করতে আদেশ দেন আদালত। তবে আলভী উদ্ধার হয়নি। এর মধ্যেই ফয়জুন্নেসা ও তাঁর বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এ মামলার বাদীর বর্তমান ও স্থায়ী ঠিকানা এখনো খুঁজে পাওয়া যায়নি। ফতুল্লা থানার পুলিশও অভিযোগের সত্যতা পায়নি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হুসাইন মজুমদারের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, ফয়জুন্নেসার আবেদন গ্রহণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদনটি পাঠানো হবে।