সন্তানকে বাঁচাতে গিয়ে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্তানকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রুনা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় তাঁর দুই ছেলে। গতকাল মঙ্গলবার সকালে সরাইল উপজেলা সদরের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক অবরোধ করে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ রাখে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে চার মাসের অন্তঃসত্ত্বা রুনা বেগম তাঁর দুই সন্তান আদনান (৭) ও আফসানকে (৫) স্কুলে নেওয়ার সময় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়াগতির একটি অটোরিকশার ধাক্কা থেকে ছোট ছেলে আফসানকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে আদনান ও আফসান। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।