সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিরুন বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। আজ রোববার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সন্তান রায়হান আহমদকে (৮) কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে ঝোড়ো বাতাসে হায়দর আলীর বসতঘরের পেছনে বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে রায়হান ওই তারে জড়িয়ে পড়ে। চিৎকার শুনে আজিরুন ছুটে এসে সন্তানকে বাঁচাতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে আজিরুন মারা যান।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজিরুনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। এ ছাড়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রায়হানের চিকিৎসা চলছে। সে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
নিহত আজিরুনের স্বামী হায়দর আলী মুঠোফোনে জানান, তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি প্রথমে তাঁদের নজরে পড়েনি।