সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে সালমা বেগম (৩৫) নামের এক পোশাককর্মী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ঝিনাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগমের বাড়ি মেলান্দহের চরপলিশা গ্রামে। তাঁর স্বামীর নাম মোশারফ হোসেন। সালমা গাজীপুরে পোশাক তৈরির একটি কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমা গত বুধবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তাঁর গতকাল শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল। বাড়ি থেকে তিনি ছেলে সিয়ামকে (৭) সঙ্গে নিয়ে জামালপুর স্টেশনে যাওয়ার জন্য বের হন। রেলওয়ের ঝিনাই সেতু পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন চলে আসে। এ সময় রেললাইনের ওপর থেকে মা ও ছেলে নেমে পড়েন। কিন্তু শিশুটি আবার লাইনের ওপর উঠে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সালমা।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।