সন্তানকে বেঁধে রেখে ট্রেনে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
আট মাসের মেয়ে মেঘলা যেন ক্ষুধায় কান্নাকাটি না করে, সে জন্য মা পারুল বেগম (৩০) মুড়ি ও বিস্কুট খেতে দেন। বসে থাকা স্থান থেকে মেঘলা অন্যত্র যেন যেতে না পারে, সে জন্য নিজের ওড়না দিয়ে মেঘলার পা বেঁধে রাখেন পারুল। এরপর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই মারা যান পারুল।
দিনাজপুরের বিরল উপজেলার বানিয়াপাড়া ভবানীপুর গ্রামে গতকাল শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পারুল বোঁচাগঞ্জ উপজেলার কলেজপাড়া মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী।
বানিয়াপাড়া ভবানীপুর গ্রামের ফিরোজা বেগম (৩৫) বলেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো রেললাইনের পাশে ছাগল রাখতে যান। এ সময় তিনি পারুলকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেন। এরপর তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান, একটি শিশুর পা ওড়না দিয়ে বাঁধা। এ সময় তিনি শিশুটির কোলে একটি মুঠোফোন নম্বর দেখতে পান। তিনি শিশুটিকে কোলে নিয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর স্থানীয় ব্যক্তিরা শিশুর কোলে রাখা মুঠোফোনে যোগাযোগ করে জানতে পারেন শিশুটির নাম মেঘলা। পরে তাঁরা ঘটনাটি রেল-পুলিশকে জানান।
পারুলের স্বামী রফিকুল প্রথম আলোকে বলেন, গত কোরবানি ঈদের এক সপ্তাহ পর তাঁর স্ত্রীর মানসিক সমস্যা দেখা দেয়। আড়াই মাস আগে তাঁর শ্বশুর খলিলুর রহমান চিকিৎসার জন্য পারুলকে তাঁদের বাড়িতে নিয়ে যান। আজ (গতকাল) সকালে তিনি মুঠোফোনে তাঁর স্ত্রীর আত্মহত্যার খবর জানতে পারেন। ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। মেঘলা ছাড়াও তাঁদের রাসেল (১০) ও ইতি (৬) নামের দুটি সন্তান রয়েছে।
খলিলুর প্রথম আলোর কাছে মেয়ের মানসিক সমস্যার কথা স্বীকার করে বলেন, গত শুক্রবার দুপুরে পারুল তাঁর মেয়েকে নিয়ে বাইরে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পারুলকে তাঁরা পাননি। গতকাল সকালে রফিকুল মুঠোফোনে ওই দুর্ঘটনার খবর জানান।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় পারুলের বাঁ পা দ্বিখণ্ডিত হয়ে গেছে ও মাথায় গুরুতর জখম হয়েছে। সবার সম্মতিতে বিনা ময়নাতদন্তে পারুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।