সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তিন মাস বয়সের এক ছেলেশিশুকে তার বাবা শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে উপজেলার কাচিকাটা ছাদিম আলী হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির বাবা রাজীব মৃধাকে গ্রেপ্তার করেছে। রাজীবের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম রাখিরকান্দী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রহমান চৌধুরীর মেয়ের জামাই রাজীব মৃধা কয়েক দিন আগে স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে শ্বশুরের জামার পকেট থেকে রাজীব ৩০০ টাকা চুরি করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে তাঁর ঝগড়া হয়। ওই দিন রাতে খাদিজা ঘুমিয়ে পড়লে তিন মাসের শিশুসন্তাকে নিয়ে রাজীব পালিয়ে যান। গভীর রাতে ঘুম থেকে উঠে তাঁর সন্তান ও স্বামীকে না দেখে চিৎকার দেন খাদিজা।
পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই এলাকার খেয়াঘাট থেকে রাজীবকে আটক করেন। রাজীবের স্বীকারোক্তি অনুযায়ী কাচিকাটা চরের একটি কচুর খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে সখীপুর থানা-পুলিশ রাজীবকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে রাজীব তাঁর সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির নানা রহমান চৌধুরী বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।