সন্তানকে সরকারি স্কুলে পড়াতে চিঠি ও পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সেই সব স্কুলে পড়ানো বাধ্যতামূলক করে মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠি সমালোচনার মুখে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার ওই চিঠি পাঠানোর অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়াই অধিদপ্তরের এক পরিচালক ওই চিঠি পাঠিয়েছিলেন। ওই বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না থাকায় তা প্রত্যাহার করা হয়েছে।

সূত্রমতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের অনুমোদন না নিয়েই গত ২৯ আগস্ট সোমবার মাঠ কর্মকর্তাদের চিঠি দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিচালক। অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে শিক্ষকদের সন্তানকে প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুলে বাধ্যতামূলকভাবে পড়াতে বলা হয়েছিল। বিষয়টি জানাজানির হওয়ার পর তা নিয়ে সমালোচনা শুরু হয়। হঠাৎ​ করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তা নিয়ে মাঠপর্যায়ে চলে আলোচনা। এমন পরিস্থিতিতে সেই চিঠি বাতিল ও প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মহাপরিচালক। 

এ ব্যাপারে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমাকে ও অতিরিক্ত মহাপরিচালককে না জানিয়েই একজন পরিচালক এ চিঠি দেন। এ রকম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত মন্ত্রণালয়কে না জানিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। এ জন্য এটি বাতিল ও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। যে পর্যায় থেকে চিঠিটি পাঠানো হয়েছিল, সে পর্যায় থেকেই তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।’