সন্তানকে হত্যার দায়ে বাবা ও সৎমায়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে এক শিশুকে হত্যার দায়ে তার বাবা ও সৎমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালত এই দণ্ডাদেশ দেন। ময়মনসিংহে প্রথম স্ত্রীকে হত্যা মামলায় একই দিন স্বামী ফখরুল ইসলামকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি গ্রামের কুলসুমার সঙ্গে এমদাদুল হকের বিয়ে হয়। তাঁদের সন্তান ইয়াছিন আরাফাতের জন্মের পর থেকে স্বামী কুলসুমার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ২০১৩ সালে ছেলেকে রেখে দিয়ে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
২০১৫ সালের ২৭ আগস্ট খবর পান ইয়াছিন আরাফাতকে (৮ বছর ৭ মাস) কে বা কারা মেরে ফেলেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম মিলে ইয়াছিনকে হত্যা করেছেন। ওই রাতেই তিনি স্বামী এমদাদুল হক (৩৭) ও সতীন নাহিদা বেগমকে (২৪) আসামি করে মামলা করেন।
গতকাল ওই মামলার রায়ে জেলা ও দায়রা জজ রেজাউল করিম ইমদাদুল হক ও নাহিদা বেগমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। রায় ঘোষণার সময় নাহিদা বেগম পলাতক ছিলেন।
ময়মনসিংহে প্রথম স্ত্রীকে হত্যা মামলার আসামি ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন। ফখরুল ইসলামের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার ফকিরাকান্দা গ্রামে। তিনি দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিও।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ১৯৯১ সালে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া পশ্চিমপাড়া গ্রামের শিরিনাজ বেগমের। দাম্পত্য কলহের জের ধরে প্রথম স্ত্রী শিরিনাজকে ২০১২ সালের ২৬ মার্চ দুপুরে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ফখরুল ইসলাম। এ ঘটনায় পরদিন শিরিনাজের ভাই রুহুল আমীন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ফখরুল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আছেন।