সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে আজ শনিবার বিকেলে দুই সন্তানের গলায় ফাঁস লাগিয়ে শিউলী বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গলায় ফাঁস দেওয়ায় শিউলির চার বছরের সন্তান মো. ইউসুফ মারা গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছে ছয় বছরের মেয়ে চাঁদনী আক্তার।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শিউলির স্বামী দেলোয়ার হোসেন ঢাকায় থাকেন। তিনি পেশায় বাসচালক। আজ শনিবার বেলা তিনটার দিকে শিউলির সঙ্গে স্বামীর মুঠোফোনে ঝগড়া হয়। এরপর তিনি দরজা বন্ধ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। বিকেল চারটার দিকে শিউলি তাঁর মেয়ে চাঁদনী ও ছেলে ইউসুফের গলায় ওড়না দিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস লাগান। পরে তিনিও একইভাবে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গলায় ফাঁস দেওয়ার সময় চাঁদনীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের চালের টিন খুলে ভেতরে ঢোকেন এবং চাঁদনীকে জীবিত উদ্ধার করেন। আর মা ও ছেলেকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দেলোয়ারের ভাই আবুল হোসনের স্ত্রী শেফালি বেগম সাংবাদিকদের বলেন, শিউলীর সঙ্গে দেলোয়ারের প্রায়ই মুঠোফোনে ঝগড়া হতো। জেদী প্রকৃতির শিউলী ঝগড়ার পর ঘরের মালামাল ভাঙচুর করতেন। আজ (শনিবার) বিকেলেও তিনি ঘরের মালামাল ভাঙচুর করে এ ঘটনা ঘটান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে।