সন্তানকে ‘কিনলেন’ বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি মেয়ে হওয়ায় ছেলের আশায় রানা ভূঁইয়া আরেকটি বিয়ে করলেন। কিন্তু প্রথম স্ত্রী পারভীন বেগম ও সন্তানদের ভরণপোষণ করতেন না। বাধ্য হয়ে পারভীন গাজীপুরে পোশাক তৈরির একটি কারখানায় কাজ নেন। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিছুদিন আগে একটি ছেলে হয় তাঁর। খুশি হওয়ার বদলে ছেলের ভরণপোষণ ও ক্লিনিকের টাকা পরিশোধের চিন্তায় অস্থির হয়ে ওঠেন তিনি। ভালোভাবে মানুষ হবে—এ কথা ভেবে মাদারীপুরের শিবচরের এক দম্পতির কোলে তুলে দেন নবজাতককে। ওই দম্পতি তাঁকে সাত হাজার টাকা দেন।এদিকে ছেলে হয়েছে শুনে ছুটে আসেন রানা ভূঁইয়া। তত দিনে তাঁর ছেলে অন্যের ঘরে। ছেলেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি। কিন্তু ওই দম্পতি নবজাতককে ফিরিয়ে দিতে নারাজ। শেষমেশ থানা পুলিশের মাধ্যমে ওই দম্পতিকে ২০ হাজার টাকা দিয়ে ছেলেকে ঘরে আনেন রানা ভূঁইয়া। গত রোববার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর থানায় বসে নিজের দুঃখের কাহিনি এভাবেই বর্ণনা করলেন গাজীপুরের পারভীন বেগম।জানা গেছে, ২০০১ সালে গাজীপুরের রানা ভূঁইয়ার সঙ্গে পার্শ্ববর্তী বাড়িশাবোর এলাকার মৃত হাসমত আলীর বড় মেয়ে পারভীন বেগমের বিয়ে হয়। বিয়ের চার বছরের মধ্যে তাঁদের সংসারে দুটি মেয়ে আসে। এর পর থেকেই তাদের এড়িয়ে চলতে শুরু করেন রানা। ২০০৭ সালে রানা আরেকটি বিয়ে করেন।গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে গাজীপুরের একটি ক্লিনিকে পারভীন একটি ছেলের জন্ম দেন। ১০ আগস্ট লিখিত চুক্তির মাধ্যমে নবজাতককে শিবচরের চরকাঁচিকাটার ভ্যানচালক হাবিব বেপারি ও তাঁর স্ত্রী শেফালি বেগমের কোলে তুলে দেন। বিনিময়ে নেন সাত হাজার টাকা। খবর শুনে সপ্তাহখানেক পর ছুটে আসেন রানা। ছেলেকে ফিরে পেতে আরও বেশি টাকা দিতে চান তিনি। কিন্তু হাবিব-শেফালি দম্পতি রাজি হন না। শেষে শিবচর থানার পুলিশের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়ে ছেলেকে নিয়ে যান রানা-পারভীন। রানা ভূঁইয়া বলেন, ‘আমি প্রায় প্রতি মাসেই ওকে (পারভীন) খরচের টাকা দিয়েছি, দেখা করেছি। সন্তানের বিক্রির ব্যাপারে আমার কোনো দোষ নেই।’ শিবচরের শেফালি বেগম বলেন, ‘আমার তিন মেয়ের দুটিই প্রতিবন্ধী। আমার কোনো পুলা নাই। তাই ওরে সাত হাজার টাকা দিয়া আনছিলাম।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. রাজ্জাক জানান, মূলত স্বামীর অবহেলা ও অভাবের কারণেই ছেলেকে ভালো রাখতে পারভীন সন্তানটি বিক্রি করেছিলেন। রানার অভিযোগ পেয়ে ব্যাপারটি মীমাংসা করা হয়েছে।