কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘তিনি নিজের সন্তানকেই মানুষ করতে পারেননি, দেশের মানুষের সেবা করবেন কীভাবে।’ গতকাল সোমবার শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা আলিম মাদ্রাসায় ছাত্রীদের মধ্যে ঈদ উপলক্ষে থ্রি-পিচ বিতরণকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন। পৌরশহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া থ্রি-পিচ বিতরণ করেন কৃষিমন্ত্রী। এ ছাড়া বিশেষ ভিজিএফ কর্মসূচির আওয়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার রূপনারায়ণকুড়া, মরিচপুরান, যোগানিয়া ইউনিয়ন ও পৌরসভায় দুস্থ, অসহায় ও গরিবদের মধ্যে চাল, খেজুর, লুঙ্গি, গেঞ্জি ও শাড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাছিরুজ্জামান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ায়ম্যান বদিউজ্জামান প্রমুখ।মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষ উচ্চশিক্ষার্থে বিদেশ যায়, আর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান উচ্চশিক্ষার্থে নাকি মানিকগঞ্জ গিয়েছিলেন। নিজের শিক্ষাগত যোগ্যতা তো নেই-ই। ছেলে দুটোকেও অমানুষ বানিয়েছেন। তাই তাঁর দ্বারা দেশের কল্যাণ সম্ভব নয়।’কৃষিমন্ত্রী বলেন, যে শিক্ষানীতি করা হয়েছে, তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসার উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করার জন্য শেখ হাসিনা দেশের ওলামা-মাশায়েকদের সঙ্গে কথা বলেছেন। তিনি নিজে শিক্ষিত তাঁর সন্তানদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন।