সন্তানদের আয়োজন বাবাদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজের (আচার্য্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়) প্রাক্তন শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার কলেজ চত্বরে ব্যতিক্রমী এক পুনর্মিলনী উৎসবে মিলিত হয়েছিলেন। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করে যাওয়া ২৫ জন শিক্ষক সপরিবারে এই অনুষ্ঠানে অংশ নেন। এই আয়োজনটি করেছিলেন এসব শিক্ষকের সন্তানেরা।
১৯১৮ সালে প্রতিষ্ঠিত বাগেরহাট সরকারি পিসি কলেজের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এ ধরনের পুনর্মিলনী এটাই প্রথম বলে অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষকেরা জানান। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিসি কলেজ মাঠে এসব শিক্ষক তাঁদের স্ত্রী, সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনি ও একসময়ের সহকর্মীদের নিয়ে খেলাধুলা, গান, গল্প ও হাসি-ঠাট্টায় মেতে থাকেন।
নব্বইয়ের দশকের ইংরেজি শিক্ষক গোলাম রসূলের ছেলে মোস্তফা রসূল বলেন, ‘বাবার অনেক সহকর্মীর সন্তানদের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছি। ছাত্রজীবনে এই কলেজের অনেক স্মৃতি আজও আমাকে টানে।’
নব্বইয়ের দশকে এই কলেজের অধ্যক্ষ ছিলেন মুজিবর রহমান। খুলনা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘আমার সহকর্মীদের কেউ পৃথিবী ছেড়ে চলে গেছেন, কেউ অবসরে গেছেন, অনেকে এখনো কর্মরত আছেন। এভাবে আবার সবার সঙ্গে দেখা হবে ভাবিনি।’
আরও স্মৃতিচারণা করেন সাবেক শিক্ষক মোজাফফর হোসেন, মতিনুল হক, এনায়েত হোসেন তালুকদার, চৌধুরী আবদুর রব, সদ্য বিদায়ী অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা প্রমুখ।