নিজেদের ভবিষ্যতের পাশাপাশি বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত ২৪ জানুয়ারি একদল বাঙালি কর্তৃক বিদ্যালয়ের দুই শিক্ষক ও ২৮ শিক্ষার্থীকে জিম্মি করার পর থেকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আদিবাসী অভিভাবকেরা ছেলেমেয়েদের আর ওই বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাঙালি ছাত্রছাত্রীর সংখ্যা ৪০ জন বলে প্রধান শিক্ষক শাক্য বোধি চাকমা জানিয়েছেন। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনার পর দুপক্ষের মধ্যে চরম অবিশ্বাস দেখা দিয়েছে। আদিবাসীদের দাবি, সহিংস ঘটনায় বাঙালিরা তাদের সাড়ে চার শতাধিক বাড়ি পুড়ে দিয়েছে। এ ছাড়া ঘটনায় ছয়জন নিহত ও চারজন নিখোঁজ রয়েছে। তবে এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে।গত সোমবার বাঘাইহাটের গঙ্গারামমুখে কথা হয় ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মানসী চাকমা, নবম শ্রেণীর লক্ষ্মীমালা চাকমা, সূর্য লাল চাকমা, অষ্টম শ্রেণীর জন বিকাশ চাকমা, সপ্তম শ্রেণীর সাধনা দেবী চাকমা, পুনংচান চাকমা, মনি চাকমাসহ অনেকের সঙ্গে। তাদের সবাই পড়াশোনা করতে চায়। ২০ ফেব্রুয়ারির ঘটনায় সবার বই পুড়ে গেছে। অভিভাবকদের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, বাঘাইহাট উচ্চবিদ্যালয়ে আর যাওয়া হবে না তাদের। সেখানে কোনো নিরাপত্তা নেই। দশম শ্রেণীর মানসী চাকমা বলে, ‘আমি পড়াশোনা করতে চাই। কিন্তু বাবা বলেছেন, যদি সম্ভব হয় বাইরের বিদ্যালয়ে পড়াবেন। আর সম্ভব না হলে এখানেই পড়াশোনা শেষ।’সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোৎস্না রানী চাকমা জানান, গত ১৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে বাঘাইহাটের পাহাড়ি-বাঙালি মিলে একটি কমিটি করা হয়েছিল। সেখানে প্রধান শর্ত ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা বিধান। কিন্তু এক সপ্তাহ পার না হতেই ২৪ জানুয়ারি দুই শিক্ষক ও ২৮ শিক্ষার্থীকে জিম্মি করে আদিবাসীদের বাঘাইহাট বাজারে আসার নিশ্চয়তা চেয়েছিল বাঙালিরা। তাই ছেলেমেয়েদের আর বাঘাইহাট উচ্চবিদ্যালয়ে পাঠানো হবে না বলে জানান তিনি।তবে বাঘাইহাট বাজার সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। তারপরও যদি তাঁরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে না পাঠান, তাহলে তাঁদের করার কী আছে। জিম্মি ঘটনার পর অনেকে বিদ্যালয়ে এসেছে। তাদের কেউ কিছু বলেছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্য বোধি চাকমা জানান, আদিবাসী শিক্ষার্থীরা না এলে বিদ্যালয় চালানো সম্ভব নয়। কারণ, বিদ্যালয়ে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই কম। তিনি আরও জানান, ইতিমধ্যে নবম ও দশম শ্রেণীর অনেক ছাত্রছাত্রী বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে তিনি জেনেছেন। বাঘাইছড়ির ইউএনও বশিরুল হক ভূইয়া জানান, বিষয়টি তাঁর জানা আছে। বর্তমানে তিনি ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত আছেন। কয়েক দিনের মধ্যে বিদ্যালয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন।