সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এসিডদগ্ধ আঙ্গুরা
‘প্রথম আলোর টাকায় পাওয়া জমিনের ফসিল (জমির ধান) খাইয়্যা ভালাই চলতাছি। ফসিলের আয় দিয়া আমার সম্পদ দুই ছেলেমেয়েকে স্কুলে পড়াইতাছি। লেখাপড়া শিখাইয়্যা তাদের অনেক বড় মানুষ বানাইতাম চাই।’এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে জমির দলিল পেয়ে এভাবেই নিজের স্বপ্নের কথা জানালেন এসিডদগ্ধ আঙ্গুরা বেগম। এই তহবিল থেকে ২০০৮ সালের ৬ মে আঙ্গুরাকে ৩৫ হাজার টাকার বিনিময়ে ৫৩ শতক ফসলি জমি বন্ধক নিয়ে দেওয়া হয়। সেই থেকে আঙ্গুরা ওই জমির ফসল ভোগ করছিলেন। ওই জমির দলিল হস্তান্তর উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চচুয়া গ্রামের আঙ্গুরার বাড়িতে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পুনর্বাসন ও সচেতনতামূলক সভা।এতে স্থানীয় মারাদীঘি গোলাম হোসেন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী আঙ্গুরার হাতে জমির দলিল তুলে দিয়ে বলেন, আঙ্গুরার ঘটনার মতো এমন হূদয়বিদারক ঘটনা যেন সমাজে আর না ঘটে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রথম আলোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এসিডদগ্ধ নারীদের সহায়তা করার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। উপস্থিত ছিলেন নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি রঞ্জন দেব, গোলাম হোসেন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌহিদ মিয়া, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, আবদুল গনি, আঙ্গুরার ভাই জালাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি মনিরুজ্জামান।পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে ঘুমন্ত আঙ্গুরার ওপর এসিড নিক্ষেপ করেন স্বামী শহীদ। এতে আঙ্গুরার চোখ-মুখসহ সারা শরীর ঝলসে যায়। তাঁর দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় মামলা চলাকালে ২০০৬ সালের ৪ জানুয়ারি পলাতক অবস্থায় শহীদ মিয়া মারা যান।